মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ২১:৫২ পিএম
নির্বাচনী প্রচার জনসভায় বক্তব্য রাখেন মাগুরা-১ (সদর-শ্রীপুর) আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান। প্রবা ফটো
মাগুরা-১ (সদর-শ্রীপুর) আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, এখন বক্তৃতা দেওয়ার সময় নয়, এখন যুদ্ধে নামার সময়। নির্বাচন এসে গেছে এখন আমাদের মাঠে নামতে হবে এবং ভোট দিতে হবে।
মঙ্গলবার (২ জানুয়ারি) শ্রীপুর উপজেলার খামারপাড়ায় অনুষ্ঠিত জনসভায় তিনি এ কথা বলেন।
সাকিব আল হাসান বলেন, আর মাত্র পাঁচদিন সময় বাকি। সবাই ভোট দিতে যাবেন তো? আজ শুধু শ্রীকল নয় শ্রীপুর মাগুরা সবাই একসঙ্গে হয়েছে, যেটা আমার জন্য গর্বের। আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমরা শ্রীপুর মাগুরা দুটা জায়গারই অনেক উন্নতি করতে পারব। সেজন্য আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি।
তিনি আরও বলেন, আমি চাই আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। প্রধানমন্ত্রীকে জয়যুক্ত করুন। যিনি বিগত ১৫ বছর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। তিনি উন্নয়নের রোল মডেলে যে মেগা প্ল্যান, ডেল্টা প্ল্যান করেছেন আমরা সেই ক্লাবের অংশ হতে চাই। এই উন্নয়নকে ধরে রাখতে হলে নৌকার বিজয়ের কোনো বিকল্প আমি দেখি না। আমি আশা করব আগামী ৭ জানুয়ারি ফোর্স সেন্টারে গিয়ে নৌকা মার্কাকে ভোট দিয়ে বিজয় করে আমাকে বিজয় করবেন, প্রধানমন্ত্রীকে বিজয় করে তার হাতকে শক্তিশালী করবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
এর আগে শ্রীপুর উপজেলার নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্যে সাকিব আল হাসান বলেন, আসসালামু আলাইকুম আমি সাকিব আল হাসান শ্রীপুরের সন্তান। আমি নৌকার মার্কা নিয়ে এসেছি প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিবেন। আমার হাতে আরও অনেক প্রোগ্রাম রয়েছে। আমি আপনাদের সঙ্গে সময় দিতে পারলাম না। প্রধানমন্ত্রীর সঙ্গে ফরিদপুরে আমি প্রোগ্রামে ছিলাম। উনি আমাকে ছেড়ে দেওয়ার পর আমি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।
মাগুরা-১ (সদর-শ্রীপুর) আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসানের দুটি নির্বাচনী প্রচার জনসভার প্রথম জনসভাটি শ্রীপুর উপজেলার নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল সালাম মোল্লার সভাপতিত্বে আলীয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
দ্বিতীয়টি জনসভাটি খামারপাড়ায় শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মোল্লার সভাপতিত্বে সঞ্চালনা করেন শফিকুজ্জামান বাদশা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি, আ ফ ম আব্দুল ফাত্তাহ, সহসভাপতি সৈয়দ শরিফুল ইসলাম, সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, সহ-সভাপতি এনামুল হক হীরক, সাংগঠনিক সম্পাদক পঙ্কজ কুমার সাহা, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লা হোসেন মিয়া কুটি প্রমুখ।