চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ২০:৪৯ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ২১:১৬ পিএম
সোমবার সন্ধ্যায় বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনী সভায় বক্তব্য দেন এমপি মোস্তাফিজুর রহমান। প্রবা ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি এবার চট্টগ্রাম জেলা পরিষদের সদস্যকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন। এক নির্বাচনী সভায় জেলা পরিষদ সদস্য নুরুল মোস্তফা চৌধুরী সংগ্রামের উদ্দেশে দেওয়া মোস্তাফিজের বক্তব্যের ৪৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
মোস্তাফিজুর রহমান চৌধুরীকে চট্টগ্রামের স্থানীয় ভাষায় বলতে শোনা যায়, ‘আরও একজন আছে গন্ডামারার, তার নাম সংগ্রাম। সে জেলা পরিষদের নির্বাচনের সময় আমার কাছ থেকে ২৫ লাখ টাকা ধার নিয়েছিল। সেই টাকা ফেরত চাওয়ায় সে এখন আমার সঙ্গে পল্টি মেরে ট্রাক মার্কায় নির্বাচন করছে। শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা। তারে ফোন করলেও ধরছে না। আমি টাকাগুলো খুঁজব, টাকা না পাইলে পিটাব।’
এর আগে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদকে হুমকি দেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বাঁশখালী থানায় ২২ ডিসেম্বর সাধারণ ডায়েরি (জিডি) হয়। এ ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের পেটানোর অভিযোগে ২৬ ডিসেম্বর মামলা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুণ মোল্লা।
চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য নুরুল মোস্তফা চৌধুরী সংগ্রাম বলেন, ‘এমপি সাহেব একজন সিনিয়র নেতা, তাকে আমি সম্মান করি। কিন্তু প্রকাশ্যে জনসভায় আমাকে নিয়ে অশালীন ভাষায় কথাগুলো বলেছেন, এটা দুঃখজনক। তিনি আমার কাছে কোনো টাকা পান না। মিথ্যা কথা বলেছেন।’
জানতে চাইলে মোস্তাফিজুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ’তিনি জেলা পরিষদ নির্বাচনের সময় টাকা ধার নিয়েছেন। সে টাকা ফেরতও দিচ্ছেন না, কলও ধরছেন না। এটা কেমন কথা? এ কারণে বিষয়টা মানুষকে জানিয়ে রাখালাম– তিনি যে লোক সুবিধার না।’