প্রবা প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ২০:২৩ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ২০:৪৮ পিএম
দুই পক্ষের মারামারিতে আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবা ফটো
বরিশাল-৫ আসনের নৌকার প্রার্থী ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থীদের মধ্যে মারামারিতে আহত হয়েছে দুই নারীসহ ছয়জন। এ ছাড়া ট্রাক প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন রিপনের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে সদর উপজেলার শায়েস্তাবাদ ইউপির হবিনগর ও বরিশাল নগরীর মেজর এমএ জলিল রোডে পৃথক দুটি ঘটনা ঘটে।
আহতরা হলেন—স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের কর্মী লিটন ফকির, তানিয়া বেগম ও রুমা বেগম এবং নৌকার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের কর্মী কালু হাওলাদার, তার ছেলে তামিম ও নুরুল ইসলাম হাওলাদার।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একই বাড়ির আত্মীয়স্বজনরা নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থক। ট্রাকের কর্মীদের কটূক্তি নিয়ে তর্ক হয়। একপর্যায়ে দুই পক্ষ মারামারি করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন রিপনের স্ত্রী মিফতাহুল জান্নাত লুনা বলেন, ‘বটতলা বাজার ও নবগ্রাম রোড (মেজর এমএ জলিল রোড)-সংলগ্ন এলাকায় ট্রাক প্রতীকের প্রার্থীর গণসংযোগ শুরু করি। সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করে লিফলেট দেওয়ার শুরুতেই হঠাৎ নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকরা এসে বাধা দেয়।’
তিনি আরও বলেন, ‘শুধু বাধা দেওয়াই নয়, আমাদের হাত থেকে লিফলেট নিয়ে টেনে ছিঁড়ে ফেলে। পাশাপাশি নৌকার পুরুষ কর্মী-সমর্থকরা আমাদের উদ্দেশে অশালীন কথাবার্তা, গালি-গালাজও করে। তারা আমার হাত থেকে মোবাইল নিয়ে ভেঙে ফেলে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।’
ট্রাক প্রতীকের কর্মী শ্রাবন্তী বাড়ৈ আখি বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে। তারা আমাদের হাত ধরে টানাটানি করার পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টা করে। প্রার্থীর স্ত্রীর মোবাইল ভেঙে ফেলে, সেই সঙ্গে তারা নৌকার বাইরে কোনো কিছু করার দরকার নেই বলে এলাকা ত্যাগের জন্য বলে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে এ ঘটনা চলার সময় সাংবাদিকরা ঘটনাস্থলে এসে ছবি নিতে গেলে তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং বাধা দেয় হামলাকারীরা। পরে পুলিশ আসলে তারা চলে যায়।’
এ বিষয়ে জানতে চাইলে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, ‘যে ছেলের কথা তারা (ট্রাক প্রতীকের সমর্থকরা) বলছে, সেই ছেলেকে আমরা চিনি না। এ ধরনের কোনো কর্মী আমাদের নেই। তাকে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।’
জসিমের দাবি, ট্রাক প্রতীকের প্রার্থীর লোকজন নিজেরাই হট্টগোল বাঁধিয়ে নৌকার লোকদের ওপর চাপিয়ে দিচ্ছে।