বগুড়া অফিস
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১৩:৫২ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ১৩:৫৩ পিএম
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের মামলায় সোনাতলা উপজেলা চেয়ারম্যানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রবা ফটো
বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের মামলায় সোনাতলা উপজেলা চেয়ারম্যানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাত সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জের সায়দাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মিনহাদুজ্জামান লিটন বগুড়া সোনাতলা উপজেলার বর্তমান চেয়ারম্যান। এছাড়াও তিনি সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বগুড়া-১ আসনে নৌকা মার্কার প্রার্থী সাহাদারা মান্নানের ভাই। তিনি ছাড়াও উপজেলার লিমন, রায়হান, রানা, রাজন ও নিপুনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।
এর আগে আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থক রেজোয়ানুল হক রিজভী গত রোববার (৩১ ডিসেম্বর) রাতে সোনাতলা পৌর এলাকায় ঈগল প্রতীকের মিছিল শেষে বাড়ি ফিরছিলেন। রাত ১১টার দিকে ভেলুরপাড়া এলাকায় পৌঁছালে লাঠি-সোটা এবং রড দিয়ে তার ওপর হামলা চালানো হয়। তাতে রিজভী মারাত্মকভাবে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ঘটনায় আহত রিজভীর স্ত্রী নাসরিন সাথী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিনহাদুজ্জামান লিটনসহ ৭জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার পরই পুলিশ এজাহারভুক্ত আসামি জোড়াগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মতিনকে গ্রেফতার করে।
র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, ‘মামলা দায়েরের পর বাকি আসামিদের গ্রেপ্তারে র্যাবও অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে ঢাকা যাওয়ার সময় আসামিদের সিরাজগঞ্জের সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।’
বগুড়া সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, ‘আমাদের থানায় কোন আসামি আনা হয়নি। গ্রেপ্তারকৃতদের বগুড়া ডিবির মাধ্যমে সকালে আদালতে পাঠানো হয়েছে।’