লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ২২:০৯ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। প্রবা ফটো
আমরা সবাই স্বপ্ন দেখি জীবনে বড় হব। বড় হওয়া মানে অনেক ধনসম্পদের অধিকারী, অনেক ক্ষমতার অধিকারী হওয়া তা নয়। বড় হওয়া মানে একজন সম্পূর্ণ মানুষ হওয়া। আমরা কিন্তু মানুষ হয়েই জন্মগ্রহণ করি। কিন্তু দিনের পর দিন মানুষ থেকে আমাদের বিচ্যুতি ঘটে। মানুষ থেকে আমরা ধীরে ধীরে অমানুষ হয়ে যেতে থাকি। আমাদের শিক্ষার মূল লক্ষ্য থাকবে আমরা মানুষ হব। সত্যিকারের মানুষ হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই প্রত্যাশা রাখতে হবে।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমিতে বই উৎসব অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন। সৈকত এ বিদ্যালয় থেকেই এসএসসি পাস করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তানভীর হাসান সৈকত বলেন, দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস জানতে হবে। বুকের রক্ত ঝরিয়ে এদেশের মানুষের জন্য স্বাধিকার থেকে মুক্তির সংগ্রামে আন্দোলনকারী ছাত্রদের কথা জানতে হবে।
সৈকত আরও বলেন, নতুন প্রজন্মের ওপর ভিত্তি করেই আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে স্বাধীনতা দেওয়ার জন্য ৪ হাজার ৬৮২ দিন জেল খেটেছেন, তার কথা জানতে হবে। আজ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করছেন বাঙালির মুখে হাসি ফোটানোর জন্য। এজন্য সামনের দিনগুলোতে আপনার বাবা-মাকে বলবেন যেন শেখ হাসিনার পক্ষে থাকে, নৌকার পক্ষে থাকে।
পৌর শহীদ স্মৃতি একাডেমি পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম ভুলুর সভাপতিত্বে বই উৎসব আয়োজনের প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী।