নির্বাচনী জনসভা
ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ২১:৩৫ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ১০:৪৭ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী সফরে আজ মঙ্গলবার (২ জানুয়ারি) ফরিদপুর আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বেলা ৩টায় জেলা আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। প্রধানমন্ত্রীকে বরণ করতে এবং তার এই সফরকে সার্থক করতে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই সমাবেশ থেকে আওয়ামী লীগ সভাপতি নির্বাচনী দিকনির্দেশনা এবং আগামী দিনের উন্নয়নের প্রতিশ্রুতি দেবেন বলে জানান দলের নেতারা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহর সাজানোসহ কলেজ মাঠ এলাকাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। প্রায় সাত বছর পর প্রধানমন্ত্রী এই মাঠে আবারও বক্তব্য দেবেন। তার উপস্থিতি এবং মূল্যবান বক্তব্য শোনার জন্য উচ্ছ্বসিত এলাকার মানুষ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ বলেন, নেত্রীর আগমন উপলক্ষে ফরিদপুর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে চাচ্ছেন জেলার নেতারা। এ লক্ষ্যে দিন-রাত কাজ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
ইসতিয়াক আরিফ বলেন, জনসভাস্থলে নারী ও পুরুষের জন্য আলাদা বসার জায়গা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী, ভিআইপি ও সাধারণ দর্শক মাঠে প্রবেশের পথ নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে মাঠে ৫০ হাজার দর্শক এবং সড়ক ও আশপাশের এলাকায় মোট এক লাখ লোকের সমাগমের প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ। পাশাপাশি শহরজুড়ে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। সমাবেশ মাঠসংলগ্ন এলাকাজুড়ে সড়কের পাশের গাছের নিচের অংশ রঙ করা হয়েছে।
এ সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। সভায় ফরিদপুরের বাকি তিনটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ফরিদপুর শহরে আসছিলেন ২০১৭ সালের ২৯ মার্চ। ওইদিন বিকালে তিনি এই রাজেন্দ্র কলেজ মাঠেই বক্তব্য দিয়েছিলেন। প্রায় সাত বছর পর মঙ্গলবার ফরিদপুর শহরে আসছেন প্রধানমন্ত্রী।