কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ১৮:৫০ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪ ১৯:৫০ পিএম
বাঁ থেকে মামুনুর রশিদ মামুন, মো. মোজাম্মেল হক ও হাসান রাফি রাজু। প্রবা ফটো
কুমিল্লা-৬ সদর আসনের তিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। সোমবার (১ জানুয়ারি) কুমিল্লা-৬ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা জজ মো. সিরাজ উদ্দিন ইকবাল এই শোকজ করেন।
ভাতার কার্ড আটকে রেখে নৌকায় ভোট দেওয়ার হুমকির অভিযোগে তাদের শোকজ করা হয়।
অভিযুক্ত তিন চেয়ারম্যান হলেন—আমড়াতলী ইউনিয়নের কাজী মো. মোজাম্মেল হক, পাঁচথুবীর হাসান রাফি রাজু ও জগন্নাথপুরের মামুনুর রশিদ মামুন।
তিনটি নোটিসে উল্লেখ করা হয়, কুমিল্লা-৬ সদর আসনের ঈগল প্রতীকের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা অভিযোগ করেন, আপনারা ভাতার কার্ড আটকে রেখে নৌকায় ভোট দেওয়ার জন্য চাপ দিয়েছেন। নৌকায় ভোট দেওয়ার পর কার্ড ফেরত দেবেন বলে জানিয়েছেন, যা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। এ বিষয়ে আপনাদের বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না, সে বিষয়ে উপযুক্ত প্রমাণসহ ২ জানুয়ারি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কুমিল্লায় হাজিরের নির্দেশ দেওয়া হলো।