নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩ ০৯:১১ এএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩ ০৯:৪৩ এএম
আটক চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. হাবিব আদনান (বামে) এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ডানে)। প্রবা ফটো
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বাংলাদেশ কংগ্রেসের (ডাব) প্রার্থী আবু নাছের ওয়াহেদ ফারুকের নির্বাচনী গণসংযোগে হামলার অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে গ্রেপ্তান করেছে পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) রাত ১০টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক দুজন হলেন- চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও পশ্চিম পরকোট গ্রামের মো. হাবিব আদনান এবং দশঘরিয়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
এর আগে সন্ধ্যায় চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দশগরিয়া বাজারে নির্বাচনী গণসংযোগ চালাতে গিয়ে হামলার শিকার হন ডাব প্রতীকের প্রার্থীসহ সমর্থকেরা।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা প্রার্থীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পরপরই সেখানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজকে আদালতে সোপর্দ করা হবে।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আবু নাছের ওয়াহেদ ফারুক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নির্বাচনী গণসংযোগ করার সময় দশঘরিয়া বাজারে হাজির হন। এসময় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিব ও সাধারণ সম্পাদক রফিক লাঠি নিয়া পথরোধ করে এবং নির্বাচনী গণসংযোগে বাধাগ্রস্থ করে। এসময় বাংলাদেশ কংগ্রেসের চারজন সমর্থক আহত হয়। ডাব প্রতিকের প্রার্থী আবু নাছের ওয়াহেদ ফারুক রাত ৮টার দিকে চাটখিল থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আবু নাছের ওয়াহেদ ফারুক বলেন, ছাত্রলীগের পরকোট ইউনিয়নের সভাপতি হাবিব আদনান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় ৮/১০ জন মিলে লাঠিসোটা নিয়ে নিয়ে এই হামলা করে। এতে আমার চারজন সমর্থক আহত হয়। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। আমি হামলাকারীদের উপযুক্ত শাস্তি চাই।