× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাগুরা-১

সাকিবের বড় চ্যালেঞ্জ ভোটার উপস্থিতি

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ২২:২৭ পিএম

সাকিবের বড় চ্যালেঞ্জ ভোটার উপস্থিতি

৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন ঘনিয়ে আসায় প্রচারণায় কর্মব্যস্ত দিন পার করছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। প্রতিদিন ৩ থেকে ৪টি নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন তিনি। সাকিবের সমর্থনে ঢাকা থেকেও আসছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। 

শনিবার (৩০ ডিসেম্বর) শহরের কলেজপাড়ার আলেয়া মঞ্জিলে সাকিবকে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয় লোকজন ভোর থেকেই উঠান বৈঠকে যোগ দিয়ে অপেক্ষা করতে থাকেন সাকিবের জন্য। সাকিব আল হাসান উপস্থিত হন সকাল ৮টায়। এ সময় তার পক্ষে স্লোগান দেন সমর্থকরা। তাকে মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর চলে সেলফি ও অটোগ্রাফ নেওয়ার পালা। 

স্থানীয় ভোটার রাহেলা বেগম বলেন, ‘এখানে এসেছি শুধু সাকিবকে দেখব বলে। কোনো দিন ভোট দিইনি এবার সাকিবকে ভোট দেব। তাকে সামনাসামনি দেখতে পাব, এটা তো কখনও ভাবতেই পারিনি।’

উপস্থিত লোকজনের উদ্দেশে সাকিব বলেন, ‘এখানে আসার আগে শুনেছি এই এলাকার মানুষ ভোট দেয় না। এটা শুনে হতাশ হয়েছি। ভোট কেন দিবেন না, ভোট তো আমাদের গণতান্ত্রিক অধিকার। এটা সবারই পালন করা উচিত। দলমতনির্বিশেষে আপনারা ভোটকেন্দ্রে যাবেন। আমার বড় চ্যালেঞ্জ ভোটার উপস্থিত করা। আপনাদের কাছে অনুরোধ ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যাবেন। বলছি না নৌকায় ভোট দিতে হবে। কিন্তু ভোটকেন্দ্রে উপস্থিত হবেন এটাই আমার চাওয়া। আপনাদের জন্য কাজ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’

উঠান বৈঠক শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ কায়সার হামিদ সাকিবের পক্ষে প্রচারপত্র বিলি করেন। এ সময় তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ করি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসি। তারই আলোকে আমি যেখানে সুযোগ পাই সেখানেই ছুটে যাই নৌকার পক্ষে কাজ করতে। এটা নৈতিক দায়িত্বের অংশ। সাকিব এবারই নির্বাচনে প্রথম তাই তাকে সাহায্য করবার জন্য আমার আসা।’ 

এরপর বিকাল ৪টায় সদর উপজেলার মঘী ইউনিয়নের নৌকার প্রচার জনসভায় যোগ দেন সাকিব। মঘী গ্রামের বোর্ড অফিস মাঠের আয়োজনটি জনসমুদ্রে রূপ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পারভীন জামান কল্পনাসহ আরও অনেকে। 

মঘী ইউনিয়নের জনসভাটি শেষ হলে সাকিব যোগ দেন চাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী জনসভায়। সেখানে সাকিব উপস্থিত হয়ে ভোটারদের উদ্দেশে বলেন, ‘আপনারা ৭ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে উপস্থিত হবেন। আমাকে নির্বাচিত করলে আমি মাগুরাকে স্মার্ট মাগুরায় রূপান্তরিত করব। আশা করি নির্বাচনের পর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তবে নির্বাচনের দিন নিজে এবং পরিবারকেই উপস্থিত করলে হবে না আত্মীয়স্বজনকেও ভোটের দিন উপস্থিত করতে হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা