রংপুর অফিস
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ২০:৩২ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩ ২০:৪৯ পিএম
পথসভায় আসা মানুষকে গরু ও খাসি ভোজ করালেন মসিউর রহমান রাঙ্গা।
রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি করপোরেশন) আসনের স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের ভোজন করানোর অভিযোগ উঠেছে। ঘটনা জানার পর ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন অনুসন্ধান কমিটিকে নির্দেশ দিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ তাকিয়া শরিফ আলিম মাদ্রাসা মাঠে মসিউর রহমান রাঙ্গার পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় অংশ নেওয়া মানুষদের গরু ও খাসি জবাই করে খাওয়ানো হয়েছে। এজন্য কয়েক দিন আগে থেকে কোলকোন্দ ইউনিয়নে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেওয়া হয়েছিল। পথসভায় অংশ নেওয়া মুসলিম ভোটারদের জন্য ৮ মণ ওজনের একটি গরু ও হিন্দু ভোটারদের জন্য ৪টি ছাগল জবাই করা হয়।

পথসভায় অংশ নেওয়া কোলকোন্দ ইউনিয়নের মাটিয়ালপাড়ার বাসিন্দা মিজানুর রহমান, হিন্দুপাড়ার আলো রানী, পীরেরহাটের বরকত উল্লাহসহ অনেকে এই প্রতিবেদককে জানান, পথসভায় এই আয়োজন সম্পর্কে তিন দিন ধরে সবার বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেন রাঙ্গার লোকজন। পথসভায় যারা এসেছিল তাদের প্যাকেট করা খাবার দেওয়া হয়।
এ ব্যাপারে জাতীয় পার্টির (জাপা) সাবেক নেতা মসিউর রহমান রাঙ্গার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, ‘ঘটনা জানার নির্বাচনী অনুসন্ধানী কমিটিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর আগেও মসিউর রহমান রাঙ্গা তৃতীয় লিঙ্গের এক প্রার্থীকে নিয়ে মন্তব্য করার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন করায় তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল।’