প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ১৩:২৩ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৬ পিএম
টুঙ্গিপাড়া উপজেলা সদরে শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা
নির্বাচন বর্জন করা বিএনপি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে অভিযোগ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি নেতাদের চক্রান্তের সমুচিত জবাব ৭ জানুয়ারি ভোটের মধ্য দিয়ে দেওয়া হবে।’
শনিবার (৩০ ডিসেম্বর) টুঙ্গিপাড়া উপজেলা সদরে শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘খুনি’ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজকে যে লন্ডনে বসে হুকুম দিয়ে মানুষ হত্যা করে, রেলগাড়ি পোড়ায়, বাস পোড়ায়, মানুষ খুন করে...আমাকে ২১ আগস্ট হত্যা করার চেষ্টা করেছে। কাজেই জিয়াউর রহমান যেমন খুনি, তার বউ খালেদা জিয়া সেও আরেক খুনি; সেও ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং নানাভাবে আমাকে হত্যার চেষ্টা করেছে।’
‘কারণ তার তো স্লোগানই ছিল, আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় যেতে পারবে না। আর আমাকে বলত, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না,’ যোগ করেন তিনি।
তারেক রহমান আরেক ধাপ ওপরে মন্তব্য করে সরকারপ্রধান বলেন, ‘তার পুত্র আরেক ধাপ ওপরে...একদিকে যেমন লন্ডন থেকে হুকুম দেয়, আর এখানে আগুনে পোড়ায়। যারা এই অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, যারা আগুন দিয়ে তারেকের মতো একটা খুনি, অস্ত্র চোরাকারবারি, টাকা আত্মসাৎকারী যে জুয়া খেলে লন্ডনে পয়সা বানায়, সেই জুয়াড়ির কথা শুনে এখানে বিএনপির যে নেতারা আগুন দিয়ে মানুষ পোড়াচ্ছে। ওই ধরনের একটা লম্পটের কথা শুনে বিএনপির নেতারা কেন আগুন দেয়, অগ্নিসন্ত্রাস করে, আর মানুষ মারে সেটাই তাদের কাছে আমার প্রশ্ন, তাদের কী লাভ?’
এ সময় সন্ত্রাসের হুকুমদাতাকে লন্ডন থেকে ধরে এনে বিচার করা হবে বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।