প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ২৩:৫৮ পিএম
পথসভায় বক্তব্য রাখেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। প্রবা ফটো
কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা টানা চতুর্থ বার এবং পঞ্চমবারের মত দেশের প্রধানমন্ত্রীর হিসেবে শপথ নিবেন। তিনি বলেন, নৌকার জোয়ারে সব ভেসে যাবে। নৌকার এই জোয়ার ঠেকানোর শক্তি কারও নেই। নির্বাচনী ট্রেন চলছে, আগামী ৭ জানুয়ারি নির্বাচনে জয় লাভের মাধ্যমে এই ট্রেন থামবে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।
মো. আবদুস সবুর বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি দাউদকান্দি-তিতাস আজ পর্যন্ত ১৮টি ইউনিয়ন পথসভা, জনসংযোগ করেছি। আমি দেখেছি মানুষের উচ্ছ্বাস আনন্দ, আমরা দেখেছি অনেক উদ্দীপনা, আপনারা পথসভা কে জনসভায় রূপান্তরিত করেছেন। প্রতিটি ইউনিয়নে আমার মা বোনেরা, তোমার ভাই ও ছেলেরা, আমার যুবক তরুণ পেশাজীবী ভাইয়েরা শেখ হাসিনার উন্নয়নের স্বাগত জানিয়ে আজকে রাস্তায় নেমে এসেছে। আপনারা পথসভাকে জনসভা রুপ দিয়েছেন।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে দাউদকান্দি-তিতাসকে মাদক, সন্ত্রাস দূর করে শান্তির দাউদকান্দি-তিতাস গড়ে তুলবো। আমাদের মা বোনের ২৪ ঘন্টা যেন চলাফেরা করতে পারে সেইভাবে নিরাপত্তা গড়ে তোলা হবে। দাউদকান্দি-তিতাসকে সারা দেশে মডেল করে গড়ে তুলব।
উপজেলার ঢাকারগাঁও, মোহাম্মাদপুর মার্কেট, সুন্দলপুর মনির মার্কেট, বড়গোয়ালীতে এবং বারপাড়া ইউনিয়নের বারপাড়া, ইছাপুর, তিনচিটাতে পথসভা ও গণসংযোগ করেন ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কুমিল্লা-১ আসনের নৌকা প্রার্থীর প্রধান সমন্নয়ক অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজী, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব লিল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার, আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।