× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরগুনা-১

স্বতন্ত্রদের দাপটে কোণঠাসা শম্ভু

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ১২:২৮ পিএম

স্বতন্ত্রদের দাপটে কোণঠাসা শম্ভু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ। ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে নানা সমীকরণ। এরই ধারাবাহিকতায় বরগুনা-১ আসনেও (আমতলী-তালতলী-সদর) নতুন সমীকরণ তৈরি হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের একজোট হয়ে নৌকা প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায়। তিন স্বতন্ত্র প্রার্থীই আওয়ামী লীগ থেকে হওয়ায় বিভক্ত হচ্ছেন দলটির নেতাকর্মীরাও। 

আসনটিতে আওয়ামী লীগ প্রার্থী পাঁচবারের এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (নৌকা)। দলটি থেকেই স্বতন্ত্র হিসেবে ভোটযুদ্ধে নেমেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক খলিলুর রহমান (ট্রাক) এবং আমতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকান (কাঁচি)। 

সাধারণ ভোটাররা জানান, প্রথম দিকে ধারণা করা হচ্ছিল, পাঁচবারের এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সামনে ধোপে টিকবেন না দলীয় স্বতন্ত্র প্রার্থীরা। কিন্তু এমন ধারণার উল্টো চিত্র এখন আসনটিতে দেখা যাচ্ছে। বরং উল্টো কোণঠাসা হয়ে পড়েছেন শম্ভু নিজেই। তিন স্বতন্ত্র প্রার্থীই মাঠ দাপিয়ে প্রচারণা চালাচ্ছেন। একই দলের এই তিন প্রার্থীর প্রতীক আলাদা হলেও প্রচারণার মাঠে তিনজনই এক সুরে শম্ভুবিরোধী বক্তব্য দিচ্ছেন।

প্রচারণা শুরুর পর বিভিন্ন স্থানে সভা-সমাবেশে স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের কাছে বর্তমান এমপি শম্ভুর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরছেন। তাদের প্রধান বক্তব্য শম্ভুর নির্লিপ্ততায় গত ১৫ বছরেও বরগুনা উন্নয়নবঞ্চিত। এবার জনগণ পরিবর্তন চায়। আর জনগণের পরিবর্তনের প্রত্যাশা পূরণের দাবিতেই তারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। 

স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু বলেন, ১৯৯১ সাল থেকে মোট পাঁচবারের এমপি শম্ভু দৃশ্যমান কোনো উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়নে বরগুনা জেলা পিছিয়ে রয়েছেÑ সমাবেশে এমন দাবি তার। এ ছাড়াও পাশের জেলা পটুয়াখালীতে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপনসহ নদ-নদীতে একটি সেতুও নির্মাণ বাকি নেই, এ ছাড়া পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, সেনাবাহিনী ক্যাম্প এসবই পটুয়াখালীতে। কিন্তু এমপি শম্ভু উন্নয়নের ক্ষেত্রে নির্লিপ্ত ছিলেন। যে কারণে উন্নয়নে পিছিয়ে পড়েছে এই এলাকার মানুষ। এসব কারণেই বরগুনার মানুষ পরিবর্তন চায়। স্মার্ট বরগুনা গড়তে ভোটযুদ্ধে শামিল হয়েছি। পরিবর্তনের লক্ষ্যে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি পরিবর্তনের পক্ষেই ভোটাররা ভোট দেবেন। 

আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান বলেন, পাঁচবারের এমপি শম্ভু ৩০ বছর ধরে ক্ষমতায় থেকেও তার ও তার নেতাকর্মীদের জুলুম-অত্যাচারে অতিষ্ঠ দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিশেষ করে বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়ে হাইব্রিডদের দলে ভেড়ানো, স্থানীয় সরকার নির্বাচনে নৌকার বিরোধিতা করা ও ইউপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার এমন কর্মকাণ্ডে এই আসনের মানুষ পরিবর্তনের পক্ষে একজোট।

অপর স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান বলেন, টানা তিন মেয়াদে ক্ষমতায় থেকেও তিনি এলাকার উন্নয়ন করতে ব্যর্থ হয়ে জনগণের রোষানলে পড়েছেন। মাঠের অবস্থা বুঝতে পেরে এখন আমাদের কর্মী-সমর্থকদের প্রকাশ্যে বিভিন্ন পথসভায় অব্যাহত হুমকি দিয়ে আসছেন। এ রকম হুমকি অব্যাহত থাকলে সাধারণ ভোটাররা ভীতসন্ত্রস্ত হয়ে পড়বেন। এতে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম হবে। 

নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেন, তারা নৌকা, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছে। তাদের মনে রাখতে হবে, তাদেরকে আবারও দলে আসতে হবে। তখন এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।

স্বেচ্ছাসেবী সংগঠন নজরুল স্মৃতি সংসদের নির্বাহী পরিচালক সাহাবুদ্দিন পান্না মনে করেন, ক্ষমতাসীন দলের প্রার্থী ও তাদের সমর্থকদের হুমকি অব্যাহত থাকলে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি এদের বিরুদ্ধে নির্বাচন কমিশন শোকজ ও অর্থদণ্ড করলেও তারা তাদের অবস্থান থেকে সরে দাঁড়ায়নি। এতে সাধারণ ভোটাররা আরও ভীতসন্ত্রস্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা