× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম-১০

নজর কাড়ছেন মনজুর, ধারাবাহিকতা চান বাচ্চু

আবু রায়হান তানিন, চট্টগ্রাম

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৪:৪৯ পিএম

বুধবার চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু নগরীরর খুলশী এলাকায় ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম নগরীর লালখান এলাকায় গণসংযোগ করেন। প্রবা ফটো

বুধবার চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু নগরীরর খুলশী এলাকায় ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম নগরীর লালখান এলাকায় গণসংযোগ করেন। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১২ আসনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এসব আসনে নৌকা ও লাঙ্গলকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছেন তারা। তবে এসব স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রায় সবাই আওয়ামী লীগ নেতা। এর মধ্যে একমাত্র ব্যতিক্রম বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এম মনজুর আলম। এবারের নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে ফুলকপি প্রতীকে স্বতন্ত্র হিসেবে লড়ছেন চট্টগ্রাম সিটির এ সাবেক মেয়র। অন্যদিকে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। এবারও ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। 

সরেজমিনে দেখা গেছে, প্রচারণায় নেমে বেশ সাড়া ফেলেছেন মনজুর আলম। যেখানে যাচ্ছেন সেখানেই তাকে ঘিরে ধরছে ভোটাররা। চট্টগ্রামের রাজনীতিতে এমনিতে ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে খ্যাতি আছে তার। তবে বিএনপি ঘুরে আসা মনজুর আলমের হঠাৎ এই জেগে ওঠার নেপথ্যে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের গ্রুপিং ও রাজনীতির জটিল সমীকরণও রয়েছে বলে গুঞ্জন আছে। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না কেউ। বরং ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে মনজুর আলম সাড়া পাচ্ছেন বলে মন্তব্য তাদের। 

গত মঙ্গলবার নগরীর খুলশী থানার মতিঝর্ণা এলাকায় প্রচারণা চালান মনজুর আলম। এ সময় সহস্রাধিক ভোটার তার সঙ্গে ছিলেন। হিন্দু সম্প্রদায়ের নারীদেরও দলবেঁধে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। আপনারা নৌকা ছেড়ে ফুলকপিতে কেনÑ জানতে চাইলে তারা বলেন, ‘তিনি ভালো মানুষ। প্রতি পূজায় আসেন আমাদের কাছে। শাড়ি দেন, মিষ্টি খাওয়ান। বিপদে-আপদে তাকে পাই। সেজন্য তার পক্ষে আছি। মার্কা বিষয় না।’ 

অবশ্য প্রচার-প্রচারণায়ও ব্যতিক্রমভাবে নজর কাড়ছেন মনজুর আলম। পরিবেশবান্ধব প্রচারণায় মনোযোগ দিয়েছেন তিনি। নির্বাচনী পোস্টার সাঁটানোর ক্ষেত্রে পলিথিনের ব্যবহার এড়ানোর পাশাপাশি পিভিসির বদলে লাগিয়েছেন কাপড়ের ব্যানার। 

একই দিন রহমাননগরে প্রচারণা চালান আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। তার প্রচারণাতেও সহস্রাধিক কর্মী-সমর্থক ছিল। তাদের মধ্যে বেশিরভাগই তরুণ। সেখানে কথা হয় মো. সজিব নামে একজনের সঙ্গে। তিনি বলেন, ‘বাচ্চু ভাই কর্মীবান্ধব নেতা। তিনি মানুষকে সম্মান করেন। এই আসনের সাবেক এমপি অসুস্থ থাকায় অনেক বছর ভোটাররা তাকে কাছে পায়নি। বাচ্চু ভাই ছয় মাসে সে আক্ষেপ দূর করে দিয়েছেন। মনজুর আলম একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার স্বতন্ত্র। মানুষ তাকে সুযোগ দেবে না।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের একাংশ মনজুর আলমের সঙ্গে রয়েছেন- এমন গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘আওয়ামী লীগের কেউ তাকে সমর্থন দিচ্ছে না। এগুলো অপপ্রচার। আগেও অনেকে আওয়ামী লীগ ছেড়ে গেছে। এমন করে কেউ গেলে যেতেও পারে। দল ও মানুষ নৌকার পক্ষে আছে।’

মহানগরের হালিশহর, ডবলমুরিং, পাহাড়তলী ও খুলশী এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মহিউদ্দিন বাচ্চু, স্বতন্ত্র- ফুলকপি প্রতীকের মনজুর আলম ও কেটলি প্রতীকের ফরিদ মাহমুদ, চেয়ার প্রতীকের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদীন ছাড়া অন্যদের ব্যানার-পোস্টার দেখা যায়নি। 

অপর স্বতন্ত্র প্রার্থী মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ। তিনি বলেন, ‘এবার ভোটাররা ভদ্র, বিনয়ী আর জনবান্ধব প্রার্থী খুঁজে ভোট দেবেন বলে বিশ্বাস করি। করোনার সময় যারা মানুষ থেকে দূরে ছিল তাদের বর্জন করবে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’

তবে বিভিন্ন এলাকার ভোটাররা মহিউদ্দিন বাচ্চু ও মনজুর আলমের বাইরে কোনো প্রার্থীর নাম ও প্রতীকের বিষয়ে জানেন না বলে জানান। নির্বাচনে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করছেনÑ এমন প্রশ্নের জবাবে হালিশহর এলাকার ৭০ বছরের মো. লতিফ বলেন, ‘সাবেক মেয়র মনজুর আছে আর আওয়ামী লীগের বাচ্চু আছে। আরও কয়েকজন আছে। এই মুহূর্তে নাম মনে পড়ছে না।’ নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ভালোই মনে হচ্ছে। শেষ পর্যন্ত এমন থাকলে কেন্দ্রে যাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা