চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ২১:০৭ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩ ২১:৫১ পিএম
কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জনপ্রতিনিধিরা। প্রবা ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় প্রভাব বিস্তারের অভিযোগ এনে কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) জাফর আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জনপ্রতিনিধিরা। বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে চকরিয়া উপজেলার একটি হোটেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা পরিষদ সদস্য আবু তৈয়ব, মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইউনুস, বিএমচর ইউপি চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল, বদরখালী ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান আওরাঙ্গজেব বুলেট, কাকারা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, বমু বিলছড়ি ইউপি চেয়ারম্যান মনজুরুল কাদের, ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান মঈনুদ্দিন চৌধুরী, উজানটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, চিরিংগা ইউপির সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন।
লিখিত বক্তব্যে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেন, ‘৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে আমরা নিজ নিজ এলাকায় পছন্দের প্রার্থী হাতঘড়ি প্রতীকের পক্ষে শান্তিপূর্ণ নির্বাচনী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। কিন্তু বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের পক্ষে কাজ না করায় ক্যাডার বাহিনী দিয়ে আমাদের ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন তিনি। তার ক্যাডার বাহিনী হাতঘড়ি প্রতীকের প্রার্থীর নির্বাচনী ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলে দিচ্ছে। ব্যানার, পোস্টার লাগাতে বাধা দিচ্ছে তারা। আমরা জনপ্রতিনিধিরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এমন পরিস্থিতি নিয়ে জনমনে সংশয় দূর করতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
এর আগে ২৪ ডিসেম্বর হাতঘড়ি প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দেন স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি।