যশোর-৪
অভয়নগর (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ২০:৪১ পিএম
যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুল বুধবার নওয়াপাড়া পৌরসভার ২ ও ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। প্রবা ফটো
যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুল ভোটের প্রচারে সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী এলাকা অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা এবং বসুন্দিয়া ইউনিয়নের গ্রামে গ্রামে ছুটছেন। কর্মিসভা, পথসভা, গণসংযোগ করছেন। এসব কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নধারা এগিয়ে নিতে নৌকা মার্কায় ভোট চাইছেন। তার সঙ্গে দিনরাত পরিশ্রম করে নেতাকর্মীরাও মানুষের কাছে শেখ হাসিনার উন্নয়ন-বার্তা পৌঁছে দিচ্ছেন।
নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, এনামুল হক বাবুল আওয়ামী প্রার্থী মনোনীত হওয়ায় তারা খুবই খুশি। দুই উপজেলায় রাজনৈতিক ও সামাজিক পর্যায়ে বহুমাত্রিক যে বিভাজন তৈরি হয়েছে, তা এবার দূর হবে বলে আশা করছেন তারা।

বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বহরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মিসমাবেশে এনামুল হক বাবুল। প্রবা ফটো
এনামুল হক বাবুলকে বিজয়ী করার লক্ষ্যে বুধবার (২৭ ডিসেম্বর) বাঘারপাড়া উপজেলায় আওয়ামী লীগের কর্মিসমাবেশ হয়েছে। উপজেলার দোহাকুলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বহরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা হয়। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে কর্মিসমাবেশ হয়ে যায় বিরাট জনসভা।
দোহাকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অরুন কুমার অধিকারীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যশোর-৪ আসনের নৌকার প্রার্থী এনামুল হক বাবুল। তিনি বলেন, নৌকায় ভোট দিলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ভোট দেওয়া হয়। আগামী ৭ জানুয়ারি দলমত নির্বিশেষে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করুন। শেখ হাসিনা জিতলে দেশ জিতবে। দেশের উন্নয়ন ধারা অব্যাহত থাকবে। অভয়নগর-বাঘারপাড়াকে আমরা ঢেলে সাজাতে পারব। আমাদের কর্মসংস্থান হবে।

বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা, যশোর জেলা পরিষদের সদস্য সাইফুজ্জান চৌধুরী ভোলা, বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, বিশিষ্ট চিকিৎসক ডা. নিকুঞ্জ বিহারী,
আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, হাসানুজ্জামান কাজল, সৈয়দ কবির হোসেন জনি, সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারি, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল্লাহ রানা, বাঘারপাড়া ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন প্রমুখ। কর্মী সমাবেশ সঞ্চালনা করেন আওয়ামীলীগ নেতা গোলাম সারোয়ার।
এ দিন সকালে নওয়াপাড়া পৌরসভার ২ ও ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন এনামুল হক বাবুল। এ সময় সর্বস্তরের মানুষ তার সঙ্গে কুশল বিনিময় করেন। গণসংযোগের সময় স্থানীয় ভোটাররা বলেন, এনামুল হক বাবুল সবার নেতা। তিনি জিতলে অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়ার মানুষ স্বস্তি পাবে, শান্তিতে থাকতে পারবে। কেন্দ্রে গিয়ে আমরা ভোট দেব। ইনশাআল্লাহ, তিনি জয়ী হবেন।