সুনামগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২ ১৪:১৭ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২২ ১৫:২০ পিএম
মেয়েকে হারিয়ে মায়ের আহাজারি। ছবি : প্রবা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে রড পড়ে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ওই বিদ্যালয় চত্বরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ছাত্রীর নাম উষামণি। সে শাহগঞ্জ শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, সকালে বিদ্যালয়ে আসে শিক্ষার্থীরা। এর মধ্যে উষামণি পানি খাওয়ার জন্য ক্লাসরুম থেকে বাইরে এলে ওপর থেকে তার মাথায় রড পড়ে। শিক্ষক ও এলাকাবাসী দ্রুত তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাহিরপুর উপজেলা সদর হাসপাতালের চিকিৎসক মির্জা রিয়াদ হাসান জানান, মাথায় আঘাতের কারণে হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
প্রবা/এনএস/জেও