মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ২৩:১৩ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩ ১১:০০ এএম
প্রতীকী ছবি
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার টংগিবাড়ী-বালিগাঁও সড়কের চান্দের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লৌহজং উপজেলার বন সেমন্ত গ্রামের সাইদ ভূঁইয়া ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলি এলাকার চরপ্রসন্ননগর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী স্বপন। আহতের নাম হানিফ।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাদের লাশ টংগিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফেরদৌস নাহার বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন আমাদের হাসপাতালে আনার আগেই মারা গেছেন। অন্য আহত একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে উপজেলার বালিগাঁও বাজার থেকে আলুভর্তি একটি নসিমন টংগিবাড়ীর দিকে যাচ্ছিল। নসিমনটি চান্দের বাজার এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে মোটরসাইকেল চালক সাইদ ভূঁইয়া এবং নসিমনে থাকা আলু ব্যবসায়ী স্বপন ও হানিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সাইদ ও স্বপনকে মৃত ঘোষণা করেন।