প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ২২:০১ পিএম
চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। প্রবা ফটো
চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে কারণ দর্শানো নোটিস দিয়েছে (শোকজ) নির্বাচনী অনুসন্ধান কমিটি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার-ব্যানার পুড়িয়ে ফেলার অভিযোগে এ শোকজ করা হয়।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) একই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাচ্চুকে এই নোটিস দেন চট্টগ্রাম-১০ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ নাজমুল হোসেন চৌধুরী।
নোটিসে বলা হয়েছে, আপনার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, আপনার নির্দেশে আপনার সমর্থকরা ২৪ ডিসেম্বর দিবাগত রাতে হালিশহর এইচ ব্লক, ষোলশহর এলজিইডি ভবনের সামনে ও শিক্ষা বোর্ডের বিপরীতে টানানো পোস্টার, ব্যানার নামিয়ে আগুন দিয়ে জ্বালিয়েছে। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৭(২) অনুযায়ী সুস্পষ্ট লঙ্ঘন। এমতাবস্থায়, আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে আপনার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কেন প্রতিবেদন পাঠানো হবে না, সে মর্মে আগামী ২৭ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের কার্যালয়ে স্বশরীরে কিংবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হল।