ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৬:২১ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৬:৩১ পিএম
ত্রিশাল পৌরসভা। প্রবা ফটো
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার গত দুই বছরে বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে ৭০ লাখ টাকা। সোমবার (২৫ ডিসেম্বর) বিদ্যুৎ অফিস থেকে এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের নোটিশ দেওয়া হয়। তবে বড় দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় নোটিশটি পৌরসভা কর্তৃপক্ষ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) হাতে পেয়েছে।
এ বিষয়ে ত্রিশাল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মানিক সাইফুল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কয়েক দিন আগে আমি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাই। এই ৭০ লাখ টাকা কয়েক বছর আগের বকেয়া বিল। বকেয়া পরিশোধের জন্য নোটিশ দিয়েছে বিদ্যুৎ অফিস। পৌর কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই আমরা বিল পরিশোধের ব্যবস্থা করব।’
ত্রিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী রুবেল আহমেদ বলেন, ‘পৌরসভায় বকেয়া বিদ্যুৎ বিল অনেক আগের। সাবেক মেয়রের সঙ্গে এ বিল পরিশোধের বিষয়ে আলোচনা হয়েছিল। বকেয়া বিদ্যুৎ বিল কিস্তির মাধ্যমে পরিশোধ করবেন বলে জানিয়েছিলেন তিনি। পাশাপশি চলতি বিদ্যুৎ বিল প্রতিমাসে পরিশোধ করবেন। গত তিন মাস ধরে পৌরসভা কোনো বিদ্যুৎ বিল দিচ্ছে না। বিল পরিশোধে নোটিশ দেওয়া হয়েছে। পরিশোধ না করলে আমাদের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। বর্তমান ভারপ্রাপ্ত মেয়র আশ্বস্ত করছেন বিল দ্রুতই পরিশোধ করবেন।’