প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ১১:২৫ এএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩ ১২:১১ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে তিনি রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী সভায় বক্তব্য দেবেন।
এর আগে আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার ১৫ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানে করে সৈয়দপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী।
দুপুর ১২টার দিকে তারাগঞ্জ উপজেলার ওয়াক্ফ স্টেট স্কুল মাঠে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
এর পর দুপুরে শেখ হাসিনার শ্বশুড়বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুরে স্বামী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করে নিকট আত্মীয়দের সঙ্গে সময় কাটাবেন, মধ্যাহ্নভোজ সারবেন।
এর পর বিকেল ৩টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ড. শিরিন শারমিন চৌধুরীর জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে সন্ধ্যায় সড়ক পথে সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকা ফিরবেন তিনি।
এদিকে সকাল থেকেই তারাগঞ্জ ওয়াক্ফ স্টেট মাঠের জনসভা এলাকায় আসতে শুরু করেন নেতা-কর্মীরা। তারাগঞ্জের বিভিন্ন এলাকার পাশাপাশি পাশ্ববর্তী জেলা ও উপজেলা থেকেও মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জনসভাকে কেন্দ্র করে কয়েক ধাপে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
চলতি বছরের ৮ আগস্ট রংপুরে জনসভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি রংপুরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন।
চলতি বছর দ্বিতীয়বারের মতো রংপুরে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দুটি সভাস্থলে গড়ে তোলা হয়েছে নৌকার আদলে মঞ্চ। বাঁশ দিয়ে শক্ত বেষ্টনী গড়ে তোলা হয়েছে মঞ্চের চারদিকে। সভাস্থল ও আশপাশ নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাচনী কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সভাস্থল পরিদর্শনসহ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিমানে করে ১০টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে আসবেন। সড়কপথে এসে তিনি বেলা সোয়া ১১টায় তারাগঞ্জে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভায় অংশ নেবেন। এরপর সড়কপথে নিজ শ্বশুরালয় পীরগঞ্জের ফতেপুর জয়সদনে আসবেন। সেখানে স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন। শ্বশুরবাড়িতে দুপুরের খাবার খাবেন তিনি। সেখানে কিছু সময় বিশ্রামসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দুপুরেই তিনি পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় যোগ দেবেন। সেখানে রংপুর-৫ (পীরগঞ্জ) আসনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির পক্ষে ভোট চাইবেন। জনসভাস্থলে ব্যাপক লোকসমাগম উপস্থিত করার জন্য ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজ করছেন। এদিকে পুত্রবধূ শেখ হাসিনা শ্বশুরালয়ে আসছেন এ নিয়ে সর্বত্রই আলোচনা চলছে। বিশেষ করে, পীরগঞ্জের মানুষ পুত্রবধূকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ২৬ ডিসেম্বর রংপুরবাসীর জন্য উৎসব ও আনন্দের দিন হবে। ইতঃপূর্বে প্রধানমন্ত্রী রংপুরে যখন এসেছিলেন, তখন জনসভাস্থলের আশপাশের প্রায় ১০ কিলোমিটার এলাকায় তিল ধারণের ঠাঁই ছিল না। আমরা তেমনই লোকসমাগম ঘটানোর প্রস্তুতি নিচ্ছি। তারাগঞ্জের পথসভা বিশাল জনসভায় রূপ নেবে। পীরগঞ্জে হবে ঐতিহাসিক জনসভা। প্রোগ্রাম শিডিউল পাওয়ার পর থেকে আমরা স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছি। বর্ধিত সভা, বিশেষ সভা করে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’