রংপুর অফিস
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ১১:০৩ এএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩ ১২:১১ পিএম
দলে দলে মানুষ আসছে তারাগঞ্জ ওয়াক্ফ এস্টেট কলেজ মাঠে। প্রবা ফটো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রংপুর মহানগর। দলে দলে মানুষ আসছে তারাগঞ্জ ওয়াক্ফ এস্টেট কলেজ মাঠে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই তারাগঞ্জ বাদেও রংপুরসহ আশপাশ জেলাগুলোর মানুষ জনসভায় যোগ দিচ্ছে। ফলে জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে নৌকার প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী প্রচারে যোগ দেবেন। সেখানে বেলা ১১টার দিকে তারাগঞ্জের নির্বাচনী প্রচার শেষ করার কথা রয়েছে। তারপর তিনি মিঠাপুকুরের জায়গীরহাটে পথসভায় বক্তব্য দেবেন।
এরপর তিনি পীরগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়ি জয় সদনে যাবেন। সেখানে তার স্বামী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন। মধ্যাহ্নভোজনের পর তিনি পীরগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী প্রচারে যোগ দেবেন।
আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দলে দলে নেতাকর্মী জনসভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জনসভা হবে জনসমুদ্র। মানুষের ঢল নামবে জনসভায়।