× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ তারিখে দা-মরিচের গুঁড়া দিয়ে মহিলাদের পাঠিয়ে দিবেন : ইউপি চেয়ারম্যান

তালতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৮:২৯ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৯:১৪ পিএম

হুমায়ুন কবিরের এ বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

হুমায়ুন কবিরের এ বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর নির্বাচনী পথসভায় ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে ব্যাগে ‘বাংলা দা ও মরিচের গুঁড়া’ দিয়ে নারীদের ভোটকেন্দ্রে পাঠাতে অনুরোধ করেছেন এক ইউপি চেয়ারম্যান। একই সঙ্গে কেউ ভোট কাটতে এলে তাদের হাত কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

তার এ বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এমন উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙঘন করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

জানা গেছে, রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় তালতলী উপজেলার লাউপাড়া বাজারে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর নির্বাচনী পথসভা হয়। সেখানে এই প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে তার উপস্থিতিতেই সদর উপজেলার বুড়ির চর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির এসব কথা বলেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে হুমায়ুন কবিরকে বলতে শোনা যায়, ‘সংগ্রামী বন্ধুরা আমার, আমি নির্বাচন করেছি (ইউপি নির্বাচন) কার সঙ্গে আপনারা জানেন। এই শম্ভু বাবুর (বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু)) ভায়রা সিদ্দিকুর রহমানের সঙ্গে আমি নির্বাচন করেছি। যখন আমি ভোটারদের দ্বারে দ্বারে গেছি, তখন ভোটাররা আমাকে বলেছে- ভোট কেটে নিবে। এর আগে উনি (সিদ্দিকুর) দুইবার নির্বাচিত হয়েছেন ভোট কেটে। আপনি তো ভোট রাখতে পারবেন না।’

‘এই কথাগুলা বেশি শুনেছি পুরুষ লোকদের কাছে। এরপর আমি কিছু মহিলাদের নিয়ে বসলাম যে আপনারা আমাকে একটা সমাধান দেন, এই ভোট কাটা আমি কীভাবে ফিরাইতে পারি। তারা বললআমরা ২০ থেকে ৩০ জন মহিলা একেকটা সেন্টারে (কেন্দ্র) থাকব, পুরুষরা ভোট (ভোটার) বাড়ি থেকে নিয়ে আসবে। প্রত্যেকের কাছে মরিচের গুঁড়া থাকবে এবং ব্যাগের মধ্যে বাংলা দা থাকবে। যদি কেউ ভোট কাটতে আসে আমরা প্রতিবাদ করব, আপনাদের প্রতিবাদ করার প্রয়োজন নাই এবং সেটা কিন্তু করেছেও। সিদ্দিক কিন্তু ভোট কাটতে পারে নাই। যার কারণে জনগণ আমার পক্ষে রায় দিয়েছে,’ বলেন তিনি।

একইভাবে ৭ জানুয়ারির নির্বাচনে ব্যাগে দা ও মরিচের গুঁড়া নিয়ে কেন্দ্রে যাওয়ার অনুরোধ করে এই ইউপি চেয়ারম্যান বলেন, ‘এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আগামী ৭ জানুয়ারি মহিলাদের পাঠিয়ে দিবেন... ব্যাগের মধ্যে একটা করে বাংলা দা ও মরিচয়ের গুঁড়া।’

তিনি আরও বলেন, ‘যদি কেউ ভোট কাটতে আসে তার হাতের কবজি কেটে দিবেন। আপনাদের যদি কেউ ভয় দেখায় ও প্রচার-প্রচারণায় বাধা দেয়, তাহলে আপনারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। প্রার্থীর প্রয়োজন নেই, আমি হুমায়ুন কবির যত দিন বেঁচে আছি, আইন পেশায় তালতলীর মানুষদের জন্য আমার দরজা খোলা থাকবে।’

বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘যেটা সত্যি সেটাই বলেছি।’

তবে ব্যাগে দা ও মরিচের গুঁড়া নিয়ে নারীদের কেন্দ্রে যেতে নির্দেশের বিষয়ে জানতে চাইলে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

এদিকে এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ইউপি চেয়ারম্যান তিনি তার নির্বাচনের বিষয়টি টেনেছেন। তা ছাড়া তিনি একজন আইনজীবী মানুষ, আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে খুব সর্তক আছেন। তারপরও যদি আচরণবিধি লঙ্ঘন হয় এজন্য দুঃখিত।’

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, ‘পথসভায় তিনি (ইউপি চেয়ারম্যান) যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা