রাজশাহী প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৫ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৫:১০ পিএম
ফাইল ছবি
নির্বাচনী প্রচারণায় অতিরিক্ত মাইক ব্যবহারের কারণে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জরিমানা করা হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) রাতে তানোর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদিবা সিফাত তাকে ১ হাজার টাকা জরিমানা করেন।
রাজশাহী জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলার ইউএনও আতিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আচরণবিধি মেনে সব প্রার্থীকে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে বলা হয়েছে। রাজশাহী-১ আসনের প্রার্থী মাহিয়া মাহি তানোর উপজেলার গোল্লাপাড়া বাজার এলাকায় রবিবার রাতে প্রচার-প্রচারণা চালিয়েছেন। সেখানে তিনি নির্ধারিত মাইকের চাইতে অতিরিক্ত মাইক ব্যবহার করায় তাকে জরিমানা করা হয়েছে। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আমরা আশা করব প্রত্যেক প্রার্থী আচরণবিধি মেনে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাবেন।’
সহকারী কমিশনার আদিবা সিফাত প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মাহি জাতীয় সংসদ নির্বাচনের ১৮/১ বিধিমালা লঙ্ঘন করেছেন। নিজ নির্বাচনী এলাকায় তিনটির বেশি মাইক ব্যবহারের নিয়ম নেই। তিনি এর চাইতে অনেক বেশি মাইক ব্যবহার করে নিজের প্রচার-প্রচারণা করছেন। এ কারণে তাকে জরিমানা করা হয়েছে।’