গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ২১:৫৭ পিএম
গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় আজহার উদ্দিন রাবেয়া সারোয়ার উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন শেখ ফজলুল করিম সেলিম। প্রবা ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি সোচ্চার রয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ-২ আসনে (সদর ও কাশিয়ানী) আওয়ামী লীগের প্রার্থী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
তিনি বলেছেন, পরাজিত শক্তি একত্রিত হয়ে একটা শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে।
রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় আজহার উদ্দিন রাবেয়া সারোয়ার উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব সব কথা বলেন।
শেখ সেলিম বলেন, ‘কে নির্বাচন করল আর কে করল না, সেটা আমাদের দেখার বিষয় না। বাংলাদেশ মিনি পাকিস্তান কোনো দিন হবে না। একটা বাঙালি বেঁচে থাকতে এটা হবে না। বাংলাদেশ পরাধীন রাষ্ট্র নয়। এবার আমাদের সংগ্রাম স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সংগ্রাম।’
তিনি আরও বলেন, ‘ওই যে বলে গুম-গুম। এরা গুম হয়নি, এরা তো আত্মগোপন করে রয়েছে। অপকর্ম করছে যেকোনো মুহূর্তে ধরা পড়বে। এদের মধ্যে অনেকে পাকিস্তানে গেছে।’
করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ ফকিরের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, জেকে পলিমার অ্যান্ড ইন্ডাষ্ট্রির স্বত্তাধীকারী বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান সিকদার কামাল, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান সরদার প্রমুখ।