× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকের ওপর হামলা, ফের শোকজ বাহারকে

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩ ১২:০৮ পিএম

আ ক ম বাহাউদ্দীন বাহার। ফাইল ফটো

আ ক ম বাহাউদ্দীন বাহার। ফাইল ফটো

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কুমিল্লা-৬ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে শোকজ করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) এই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন ইকবাল কারণ দর্শানো প্রসঙ্গে তাকে চিঠি দিয়েছেন। আগামী ২৪ ডিসেম্বর তাকে অথবা তার উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বাহারকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। আপনার নির্বাচনী প্রচারণাকালে গত ২০ ডিসেম্বর বেলা ১১টায় কুমিল্লা নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের ফটকে আপনার নির্দেশে আপনার নেতাকর্মীরা পেশাগত দায়িত্ব পালনকালে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক ও ক্যামেরাপারসন সাইদুর রহমান সোহাগের ওপর হামলা করেন। এসময় মোবাইল ও লাইভ ডিভাইস ছিনিয়ে নিয়ে যান তারা। আপনার পিএস ক্যামেরাপারসন সোহাগকে এলোপাতাড়ি মারধর করেন।

আপনি সাংবাদিকদের দেখে ‘কোনো টিভির সাংবাদিক আমার কাভারেজে আসবে না’ মর্মে তিক্ত মন্তব্য করেন। আপনি একাত্তর টিভির সাংবাদিকদের দেখে তেড়ে আসেন ও অকথ্য ভাষায় গালাগাল করেন। আপনার পিএস ও আপনার নেতাকর্মীদের অনুরূপ কার্যকলাপ নির্বাচনী প্রচারকালে উচ্ছৃঙ্খল আচরণের সামিল, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের পরিপন্থি। এতে আপনি, আপনার পিএস ও আপনার নেতাকর্মীরা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১(ক) বিধির স্পষ্ট লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়।

এমতাবস্থায় আপনিসহ আপনার পিএস ও বর্ণিত ঘটনার সঙ্গে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না সে মর্মে ২৪ ডিসেম্বর দুপুর ১২টায় নির্বাচনী অনুসন্ধান কমিটি, কুমিল্লা-৬ এর অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, কুমিল্লায় নিজে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশ দেওয়া গেল।

এ নিয়ে নৌকার এই প্রার্থীকে তৃতীয় বারের মতো শোকজ করা হলো। তাকে এর আগে একদিনেই দুইবার শোকজ করা হয়। গত ১৮ ডিসেম্বর বিএনপি-জামায়াতের কোনো কর্মীকে নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া গেলে তাদের হাত-পা ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়ার অভিযোগে প্রথমবার ও নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরি পিটিআই স্কুল মাঠে উঠান বৈঠক করে আচরণবিধি লঙ্ঘন করায় একই দিনে দ্বিতীয়বার তাকে শোকজ করে নির্বাচন অনুসন্ধান কমিটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা