রাজশাহী-২
রাজশাহী অফিস
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩ ২২:৩১ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩ ২২:৩৫ পিএম
রাজশাহী-২ আসনে (সদর) নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ না করার ঘোষণা দিয়ে কাঁচি প্রতীকের পক্ষে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশাকে সমর্থন জানিয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান তারা। রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সভায় মহানগর আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মহল্লা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
আসনটিতে এবারও নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ১৪ দলীয় জোটের নেতা এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি এই আসনটির পরপর তিনবার নৌকা প্রতীকের প্রার্থী ও এমপি।
সভায় তৃণমূলের নেতারা দাবি করেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে প্রার্থী করায় নৌকার ভাবমূর্তি নষ্ট হয়েছে। তিনি গত ১৫ বছরে কখনও আওয়ামী লীগের পাশে এসে দাঁড়ায়নি। বরং সুযোগ পেলেই আওয়ামী লীগের নেতাদের বিপক্ষে বলেছেন। এই নির্বাচনে প্রতীক বিষয় নয়, ব্যক্তি বিষয়। এদিকে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কমিটির আহ্বায়ক করা হয়েছে মাহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার বলেন, আমাদের প্রত্যেকটি ওয়ার্ড ও মহল্লা পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের মধ্য থেকে প্রার্থী চায়। প্রান্তিকের নেতাকর্মীদের চাওয়ার প্রেক্ষাপটেই আমাদের এই সিদ্ধান্ত।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বলেন, রাজশাহী-২ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। রাজশাহীতে জোটভুক্ত নির্বাচন হচ্ছে না। কারণ জাসদ, জাতীয় পার্টি তাদের প্রার্থী রেখেছে। আমরা নৌকার বাইরে নই। তবে আসনটিতে আমাদের নেতাকর্মীদের বোঝাতে ব্যর্থ হয়েছি। তাছাড়া যিনি প্রার্থী তার তো একটা আহ্বানেব বিষয় আছে। আমরা রাসিক নির্বাচনের সময় জোটকে ডেকেছিলাম। তবে এই নির্বাচনে তিনি তা করেননি। ফজলে হোসেন বাদশা যে প্রচার প্রচারণায় নেমেছেন তার পাশে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নেই। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন আমাদের পক্ষে আছেন। আমরা নৌকা প্রতীকের বিপক্ষে নই। তবে ফজলে হোসেন বাদশার বিপক্ষে।
তিনি আরও বলেন, ওয়ার্কার্স পার্টির তিনটা লোক নিয়ে যে পার্টি তার কাছে আমাদের আওয়ামী লীগ যার কি না লাখ-লাখ নেতাকর্মী আছে সেখানে যেতে হবে। আর যেখানে আমাদের প্রার্থী আছে সেজন্য ওয়ার্কার্স পার্টির প্রার্থীর জন্য কাজ করব না। আমরা বাদশাকে হারাতে চাই।
গত ২০ ডিসেম্বর বিজয় শোভাযাত্রায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচন এলে অনেক মানুষের অনেক রকম সাধ হয়। কুঁজাও চিত হয়ে শুতে চায়। ১৫ বছর যাদের কোনো খবর পাইনি তারা এখন নৌকা নিয়ে লড়তে চায়। নৌকা নিয়ে বলতে চায় আমি তো তোমারই, ওগো আরেকটিবার সুযোগ দাও। তবে আমরা কী করব তা আরেকটিবার ভেবে দেখা দরকার।