দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩ ১৪:৪০ পিএম
তারিকুজ্জামান চৌধুরী। সংগৃহীত ছবি
দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় তারিকুজ্জামান চৌধুরী নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ১০টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের বিরামপুর উপজেলার পৌর শহরের জনতা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তারিকুজ্জামান চৌধুরী উপজেলার দিওর ইউনিয়নের কোচগ্রাম গ্রামের তাজুল ইসলাম চৌধুরীর ছেলে। তিনি বিরামপুর চাইল্ড কেয়ার একাডেমি নামের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, তারিকুজ্জামান চৌধুরী রাতে বিরামপুর পাইলট মাঠে ক্রিকেট খেলা দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। জনতা ব্যাংকের সামনে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ওসি বলেন, চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা রয়েছে। মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।