প্রবা প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ২০:৫১ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩ ২০:৫৪ পিএম
নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীম।
স্ত্রীর মৃত্যুর সংবাদ পাওয়ার পরও পূর্ব নির্ধারিত জনসভায় অংশ নিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের সাহেবের হাট কলবাড়ি এলাকায় এ জনসভা হয়।
জনসভায় জাহিদ ফারুক শামীম বলেন, ‘আমি বক্তৃতা দেওয়ার পর্যায় নেই। তারপরেও এসেছি। কারণ পূর্বে দুইবার এ জনসভা বাতিল করা হয়েছে। আজ বাতিল করা হলে আপনারা ভুল বুঝতেন।’
আবেগতাড়িত হয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন আজ ভোর রাত ৩টা ২৪ মিনিটে ভারতের চেন্নাইতে আমার স্ত্রী ইন্তেকাল করেছেন। সেখান থেকে মরদেহ আনার চেষ্টা চলছে। আমার ছেলে সেখানে রয়েছে। এত কষ্টের মাঝেও আমি দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখে মনোনয়ন দিয়েছেন। এর আগেও মনোনয়ন দিয়েছেন। এমপি হয়েছি, প্রতিমন্ত্রী করেছেন। প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেরিয়েছি। নদীর ভাঙ্গনে দুর্দশাগ্রস্থ মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি।’
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘বলেছিলাম ভোলা থেকে গ্যাস আনবো। বিভিন্ন টেকনিক্যাল কারণে আনতে পারিনি। আপনারা জেনে খুশি হবেন ভোলা থেকে গ্যাসের পাইপ লাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী ৬-৮ মাসের মধ্যে বরিশালে গ্যাস আসবে। গ্যাস আসলে এখানে নতুন নতুন শিল্প-কারখানা গড়ে উঠবে। আপনাদের ছেলে-মেয়েরা সেখানে চাকরি পাবে।’
তিনি আরও বলেন, ‘সদর উপজেলার লামছরিতে ২০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সেখানে ১০০-১৫০ শিল্প কারখানা গড়ে উঠবে, সেখানে চাকরি আপনার ছেলে মেয়েরাই পাবে। নির্বাচনে আপনার যদি অন্য কাউকে এমপি বানান, তাহলে এগুলো সব থমকে যাবে। আপনারা যদি উন্নয়ন চান, ছেলে-মেয়েদের চাকরি চান, তাহলে নৌকার মার্কার প্রার্থীকে ভোট দিন। বাংলাদেশের যদি উন্নয়ন চান, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার কোন বিকল্প নেই।’
বরিশাল সদর উপজেলাকে সিটি কর্পোরেশনের মতো আধুনিক শহরে রূপন্তার করার কথা জানিয়ে তিনি বলেন, ‘বরিশাল সিটিতে যে আধুনিকতার ছোঁয়া লাগবে, আমি চাই সেই ছোঁয়া সদর উপজেলায় লাগুক। আমার উপর আস্থা রাখুন।’
২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বরিশালে আসার কথা উল্লেখ করে জাহিদ ফারুক শামীম বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) কেন বরিশালকে সিলেক্ট করেছেন। আমি মনে করি, আমার উপর তার আস্থা রয়েছে। আস্থা আছে বলেই তিনি বরিশালে নির্বাচনী প্রচারণার সভা করবেন। বরিশালে আসা মানেই আমরা মাথা উঁচু করে বলতে পারি, দেখুন প্রধানমন্ত্রী বরিশালে নির্বাচনী সভায় অংশ নিয়েছেন। আমি চাই সেদিন বঙ্গবন্ধু উদ্যান লোকে লোকারণ্য হোক। প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত করতে চাই।’
চাঁদপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এইচএম জাহিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুল করিম, কেবিএস আহম্মেদ কবীর, আনিসউদ্দীন আহমেদ শহীদ, টুঙ্গীবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাদিরা রহমান প্রমুখ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।