নারায়ণগঞ্জ-৩
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ১৫:০০ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩ ১৫:২৭ পিএম
নির্বাচন অনুসন্ধান কমিটি কর্তৃক নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের প্রার্থীসহ শোকজপ্রাপ্তরা। প্রবা ফটো
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। এ ছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আরও ৯ ইউপি চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে। ২৪ ডিসেম্বর শোকজের জবাব দিতে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) নির্বাচন অনুসন্ধান কমিটির (নারায়ণগঞ্জ-৩) সভাপতি মোহসিনা ইসলাম এই শোকজ করেন।
শোকজপ্রাপ্ত অন্যরা হলেন—সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান শামসুল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন, পিরোজপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সাদিপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, বারদী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান।
শোকজের চিঠিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ১৯ ডিসেম্বর শতাধিক মোটরসাইকেলসহ হাজারো নেতাকর্মী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজয় র্যালি ও মিছিল করেন। এতে সড়কে যান চলাচলে বিঘ্ন হয়। প্রার্থীর এমন কর্মকাণ্ড সংসদ নির্বাচনে আচরণবিধি ৬(ঘ) ও ৮(ক)-এর সুস্পষ্ট লঙ্ঘন।
এ ছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম ভূঁইয়া ও ভাইস চেয়ারম্যান বাবুল হোসেনকে দেওয়া চিঠিতে বলা হয়, নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারিকৃত নির্বাহী আদেশের নির্দেশনা লঙ্ঘন করে নারায়ণগঞ্জ-৩ আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর পক্ষে নিজস্ব পদবি ও কার্যালয়, সরকারি গাড়ি ও জ্বালানি ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। অন্য আট ইউপি চেয়ারম্যানকেও একইভাবে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চিঠি দেওয়া হয়েছে।
২৪ ডিসেম্বর বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালত নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী জজ সোনারগাঁ আদালত (কক্ষ নম্বর-৩০৫, তৃতীয় তলা) স্বয়ং অথবা একজন প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো।