হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ১৪:০৪ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩ ১৪:২৭ পিএম
হবিগঞ্জে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। প্রবা ফটো
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা শক্তিশালী। প্রার্থীও বেশি, ফলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসি মো. আনিছুর রহমান বলেন, ’কোনো কেন্দ্রে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুর করা হলে সঙ্গে সঙ্গে রির্টানিং অফিসারকে জানাতে হবে। প্রয়োজনে নির্বাচন কমিশনারদের জানালে বা অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে প্রমাণ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।’
ব্যালট পেপার প্রসঙ্গে তিনি বলেন, ’যেখানে দুর্গম পাহাড়ি এলাকা কিংবা হাওরবেষ্টিত এলাকা, তাদের ব্যাপারে ৩১ জানুয়ারির মধ্যে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসারদের সঙ্গে আলাপ করে প্রতিবেদন পাঠাবে। সেই অনুযায়ী ভোটের আগের দিন পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে ব্যালট পেপার পাঠানো হবে। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।‘
হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার দেবী চন্দের সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আসিব আহসান, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, হবিগঞ্জ পুলিশ সুপার মো. আক্তার হোসেনসহ চারটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন ব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন।