নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ১৭:২৮ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৯ পিএম
প্রতীকী ছবি
নওগাঁর নিয়ামতপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ধানসুরা-নাচোল আঞ্চলিক সড়কের টগরইল স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামের পারভেজ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা হাবীব।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ’বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ধানসুরা-নাচোল সড়কে টগরইল নামক স্থানে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাইকের আরোহী হাবীব ঘটনাস্থলেই নিহত হন এবং পারভেজকে স্থানীয়রা উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনিও মারা যান।’
তিনি আরও বলেন, ’মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পুলিশ পিকআপসহ চালককে আটক করেছে।’