কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৮ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩ ১৬:২৮ পিএম
কুমিল্লা-৬ (সদর) আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। প্রবা ফটো
কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহারের ‘নির্দেশে’ এবার দুই সংবাদকর্মীকে পিটিয়েছে তার কর্মীরা। বুধবার (২০ ডিসেম্বর) নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ফটকে এ ঘটনা ঘটে। হামলার শিকার হন একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক ও ক্যামেরাপারসন সাইদুর রহমান সোহাগ। বিষয়টি নিয়ে এমপি বাহারের বক্তব্য জানতে তাকে কল দেওয়া হলে তিনি ব্যস্ত আছেন বলে সংযোগ কটে দেন।
এর আগে ১৮ ডিসেম্বর বিএনপি-জামায়াতের কর্মীদের নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া গেলে তাদের হাত-পা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়ে সমালোচনা উস্কে দেন তিনি।
সাংবাদিক কাজী এনামুল হক ফারুক বলেন, ’অফিসের লাইভ প্রোগ্রাম ছিল। সেটি করার জন্য স্টেডিয়াম এলাকায় আসি। এখানে স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে তার নেতাকর্মীরা আমার ওপর হামলা করে। এ সময় তারা ক্যামেরাপারসন সাইদুর রহমান সোহাগের ওপরও হামলা করে এবং আমার মোবাইল ও লাইভ ডিভাইস নিয়ে যায়।’
ক্যামেরাপারসন সাইদুর রহমান সোহাগ বলেন, ’আমরা লাইভে ছিলাম। এমপি মহোদয় এসে আমাদের দেখিয়ে নেতাকর্মীদের বলেন, এই ‘ফারিক্কা (এনামুল হক ফারুক), ওই ফারিক্কা কুত্তার বাচ্চারে ধর।’ এ সময় নেতাকর্মীরা ফারুক (এনামুল হক ফারুক) ভাই ও আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। উনার পিএস আমাকে এলোপাতাড়ি মেরে আমাদের মোবাইল ফোন ও লাইভ ডিভাইস নিয়ে গেছে।’
প্রত্যক্ষদর্শী কুমিল্লা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক বাহার রায়হান বলেন, ‘আমরা কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্বাচনী প্রচারের নিউজ কাভার করার জন্য আসি। সভা শেষে সাংবাদিকদের দেখে তিনি বলেন, কোনো টিভির সাংবাদিক আমার কাভারেজে আসবে না। তখনোই একাত্তর টিভির সাংবাদিকদের দেখে তেড়ে আসেন এবং গালাগাল করেন। তার নেতাকর্মীরা একাত্তরের প্রতিনিধি ও ক্যামেরাপারসনের গায়ে হাত তোলেন। তাদের ডিভাইস ছিনিয়ে নিয়ে যায়।’
অভিযোগের বিষয়ে জানতে কল দিলে অনুষ্ঠানে ব্যস্ত আছেন বলে কেটে দেন এমপি বাহাউদ্দিন বাহার।
১৮ ডিসেম্বর তিনি বিএনপি-জামায়াতের কোনো কর্মীকে নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া গেলে তাদের হাত-পা ভেঙে দেওয়ার নির্দেশ দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। এ অভিযোগে কুমিল্লা সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী ও এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে এক দিনে দুটি শোকজ করা হয়েছে। মঙ্গলবার তাকে শোকজ করেন কুমিল্লা-৬ সংসদীয় আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন ইকবাল।