বরিশাল অফিস
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ২০:১৫ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ২০:৪০ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রায় ৫ বছর পর আগামী ২৯ ডিসেম্বর বরিশাল সফরে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী জনসভা করতে প্রধানমন্ত্রী বরিশাল আসবেন। বরিশাল সফর চূড়ান্ত করা হয়েছে। ওইদিন বেলা ৩টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেবেন।’
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বরিশাল জেলা ও মহানগরসহ বিভাগের সব জেলা-উপজেলার নেতাকর্মীদের মাঝে উৎসব শুরু হয়েছে। সবার আশা প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের উন্নয়নে আরও কী কী পদক্ষেপ নিয়েছেন সেই ঘোষণা জনসভা থেকে পাবেন। এমন আশাবাদ ব্যক্ত করে বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট লস্কর নুরুল হক বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে বরিশালকে আধুনিক স্মার্ট নগরী গড়ে তোলার দাবি জানাব। এ ছাড়াও বরিশালে কর্মসংস্থানের জন্য একটি ইপিজেড করার দাবি করব।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্মরণকালের সর্ববৃহৎ আয়োজন করা হবে। ব্যাপক লোকসমাগম করা হবে জনসভায়। সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের নেতৃত্বে সব আয়োজন করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বরিশাল সফরে এসেছিলেন। এর আগে ২০২৩ সালের ১৮ মার্চ বরিশাল সফরে আসার কথা ছিল। তবে পরে ওই সফর স্থগিত করা হয়।