এমপি বাহারের নির্দেশ
কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৩:১৪ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৩:৩৯ পিএম
আ ক ম বাহাউদ্দীন বাহার। ছবি : সংগৃহীত
বিএনপি-জামায়াত কর্মীদের কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় পাওয়া গেলে হাত-পা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী আ ক ম বাহাউদ্দীন বাহার। তার এমন বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা গেছে, প্রতীক বরাদ্দের পর সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে কুমিল্লা সদরের ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার এক উঠান বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
বাহাউদ্দীন বাহার বলেন, ’বিএনপি হেরে যাবে বলে নির্বাচনে আসেনি। কোনো বিএনপি-জামায়াতের কর্মীকে প্রচারণায় কোনো প্রার্থীর পক্ষে পাওয়া গেলে তার হাত-পা ভেঙে দেবেন আপনারা। আমি আপনাদের সঙ্গে আছি কোনো ভয়ের কারণ নেই, উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে কুমিল্লার মানুষ।’
বাহার বলেন, ’গত ১৫ বছরে এমন কোনো স্কুল-কলেজ, মাদ্রাসা-মসজিদ, মন্দির নেই যে উন্নয়ন হয়নি। ভোট দিয়ে উন্নয়ন ও গণতন্ত্রকে রক্ষা করা আপনাদের দায়িত্ব।’
এমপি বাহারের প্রথম দিনের গণসংযোগে ওই ইউনিয়নে নারী-পুরুষের ঢল নামে। নৌকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।