কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ২১:৪৮ পিএম
কুমিল্লায় রিটার্নিং অফিসারের সামনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) আঞ্জুম সুলতানা সীমার সঙ্গে কুমিল্লা-৬ (সদর) আসনের এমপি ও নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারের সমর্থকের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের পর কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় শেষে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এমপি সীমার সমর্থক অ্যাডভোকেট গোলাম ফারুক রিটার্নিং অফিসারকে বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের চাওয়া হলো, আমরা যেন নির্বাচনের দিন কোনো অসহায়ত্ব না পাই। জবাবে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, এটির কোনো সুযোগ নেই। তার কথা শেষ হতেই বাহাউদ্দিন বাহারের সমর্থক কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন বলে ওঠেন, ‘এমন হবে না।’
ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা এই কথার জবাব দেন। তিনি বলেন, ‘গত নির্বাচনে কুমিল্লার মানুষ দেখছে। এখানে (সদর আসন) হইছে। বিগত দিনে হইছে। ফালতু কথা বলবেন না। যেটা হয়ে আসছে, সেটা হবে না কেন? সে (আতিক উল্লাহ খোকন) মন্তব্য করল কী! প্রত্যেকটা কথার জবাব দেওয়া হবে। সাবধানে কথা বলেন।’
এরপর প্রথমে এমপি সীমা ও পরে বাহারপন্থি নেতারা সম্মেলন কক্ষ ত্যাগ করেন। বাগবিতণ্ডা চলাকালীন সম্মেলনের কক্ষ ত্যাগ করেন রিটার্নিং অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান।
রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, ‘প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালাতে হবে। কোনো কর্মী যেন আবেগে কোনো কাজ না করে। এ নির্বাচনের ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করছে।’
এবার কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা।