পাবনা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৭ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৫ পিএম
রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাবনা-২ আসনের বিএনএম প্রার্থী ডলি সায়ন্তনী। প্রবা ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীকে ফোনকল, ম্যাসেজসহ বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে– এই অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়ে প্রতিকার চেয়েছেন এই প্রার্থী।
সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দেন ডলি সায়ন্তনী।
অভিযোগপত্রে ডলি সায়ন্তনী উল্লেখ করেছেন, তিনি একজন পেশাদার সংগীতশিল্পী। দেশ তথা সারা বিশ্বে তার বেশ জনপ্রিয়তা রয়েছে। অনেক সময় ভক্তরা আবেগতাড়িত হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। পাশাপাশি নির্বাচন বন্ধ করা নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র রয়েছে। বিএনপি-জামায়াতসহ নানা গোষ্ঠী নির্বাচনকে বানচাল করার জন্য অপচেষ্টা করছে। তিনি প্রার্থী হওয়ায় ইতোমধ্যে বিভিন্নভাবে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। তাই তিনি নিজের নিরাপত্তা ও রাষ্ট্রের মহান উদ্যোগকে ফলপ্রসূ করতে সহযোগিতা কামনা করছেন। সার্বক্ষণিক অস্ত্রধারী নিরাপত্তা রক্ষীর আবেদন করছেন।
এ ব্যাপারে ডলি সায়ন্তনী বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের পর এলাকায় আমার একটি আলাদা ইমেজ তৈরি হয়েছে। মানুষ আমাকে সাদরে গ্রহণ করেছে। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। কিন্তু আমি যাতে নির্বাচন করতে না পারি, এজন্য ফোনে ও মেসেজে বিভিন্ন হুমকি আসছে। তাই আমি নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছি। আশা করছি সবার সহযোগিতায় একটি উৎসবমুখর নির্বাচন হবে। তাই নির্বাচন কমিশন ও প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি।’
পাবনার জেলা প্রশাসক ও নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা মু আসাদুজ্জামান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’