নাটোর প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ২০:০১ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩ ২০:১৮ পিএম
নাটোরের বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে মারধরের ঘটনার মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে প্রধান আসামিসহ পাঁচজন গ্রেপ্তার হয়েছে।
রবিবার (১৭ ডিসেম্বর) তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রুবেল বালী, জামালউদ্দিন মিয়াজী, ওসমান গণি, আবু বক্কর ও জুয়েল রানা।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ৩০ থেকে ৩৫ জন লোক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফের কার্যালয়ে ঢুকে তাকে মারধর, অশালীন আচরণ ও প্রাণনাশের হুমকি দেয়। পরে শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ওসি শফিউল আযম খান জানান, মামলা হওয়ার পর শুক্রবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তারের পর পাঁচ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।