প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ১০:৪৭ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩ ১০:৫৮ এএম
বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। প্রবা ফটো
মানিকগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।
নিহত বেলুন বিক্রেতার নাম আনোয়ার ব্যাপারী। তিনি ফরিদপুর সদরের আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে। আহতের নাম কবির হোসেন। তিনি মানিকগঞ্জ সদরের পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে।
মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাচ্ছিলেন ওই দুই বেলুন বিক্রেতা। সে সময় সিলিন্ডার বিস্ফোরণ হলে দুজনই গুরুতর আহত হন। বিস্ফোরণে আনোয়ারের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারের মৃত্যু হয়।