কক্সবাজার-৩
কক্সবাজার অফিস
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৩:২৪ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৫ পিএম
প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ
উচ্চ আদালতের নির্দেশে কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনে মনোনয়নপত্র জমা নেওয়া স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের মনোনয়ন বাতিল করা হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে যাচাইবাছাইয়ে সমর্থক ভোটার তালিকায় ত্রুটি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় অতিবাহিত হওয়ার ১১ দিন পর ১২ ডিসেম্বর তার মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।
কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রার্থী (মিজান সাঈদ) সমর্থক ভোটারের ১ শতাংশ স্বাক্ষর জমা দিয়েছেন, কিন্তু এতে গরমিল রয়েছে। সংশ্লিষ্ট ভোটার স্বাক্ষর প্রদানের বিষয়টি অস্বীকার করেছেন। ফলে যাচাইবাছাইয়ে এটি বাতিল করা হয়েছে।
ব্যারিস্টার মিজান সাঈদ এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন তা জমা দিতে এসেছিলেন। কিন্তু দাখিলের নির্দিষ্ট সময় বিকাল ৫টা অতিক্রম করায় বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমলের আপত্তির পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্রটি গ্রহণ করা হয়নি।
পরে বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যান এই স্বতন্ত্র প্রার্থী। উচ্চ আদালতের নির্দেশে মঙ্গলবার (১২ ডিসেম্বর) মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন কর্মকর্তা।
আজ যাচাইবাছাইয়ে মিজান সাঈদের মনোনয়নপত্র বাতিল হলো। তবে এ ব্যাপারে আবারও উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন এই স্বতন্ত্র প্রার্থী।
তিনি বলেন, আমার মনোনয়নপত্র যাতে গ্রহণ করা না হয়, তার জন্য বিরোধিতা করা হয়েছে। এখন যে ভোটারদের স্বাক্ষর জমা দিয়েছি তারও গোপনীয়তা রক্ষা হয়নি। হুমকির কারণে ভোটাররা স্বাক্ষর প্রদানের বিষয়টি অস্বীকার করেছেন। আমি আবারও উচ্চ আদালতে যাব।