রাজশাহী অফিস
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ২৩:৩৫ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩ ১০:৫৮ এএম
চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফাইল ছবি
চিত্রনায়িকা মাহিয়া মাহির বার্ষিক আয় ৮ লাখ ২৫ হাজার টাকা। ব্যাংকে টাকা রয়েছে প্রায় আড়াই লাখ। ব্যবহার করেন ৫৬ লাখ টাকার জিপ। এ ছাড়া রয়েছে ৩০ তোলা স্বর্ণ, যার দাম ১৫ লাখ টাকা। তবে তার কোনো স্থাবর সম্পদ নেই। ব্যাংক ঋণ রয়েছে ১৮ লাখ ২০ হাজার ৫২০ টাকা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
মার্কেটিং বিষয়ে বিবিএ পাস মাহির নামে দুটি মামলার একটি নিষ্পত্তি হয়েছে। আরেকটির তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।
হলফনামায় তিনি ব্যবসা থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ৩ লাখ টাকা। অভিনয় থেকে দেখিয়েছেন ৪ লাখ টাকা আর অন্যান্য খাত থেকে ১ লাখ ২৫ হাজার টাকা।
মাহির হাতে রয়েছে দেড় লাখ এবং ব্যাংকে জমা ১ লাখ ১৪ হাজার ৫৫৮ টাকা। তার স্বামী রকিব সরকারের হাতে রয়েছে ৩ লাখ আর ব্যাংকে ২৫ কোটি ৮১ লাখ ৫৫০ টাকা।
হলফনামার তথ্যে ভুল থাকায় মাহিয়া মাহির প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছিলেন রাজশাহী রিটার্নিং কর্মকর্তা। তবে তিনি নির্বাচন কমিশনে আবেদন করে প্রার্থিতা ফিরে পান।