কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৮:২৩ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৮:২৪ পিএম
এমভি মেঘনা হারমনি। সংগৃহীত ছবি
পটুয়াখালীর পায়রা বন্দরে প্রথমবারের মতো ওপিসি ক্লিংকার ও লাইমস্টোনবাহী মাদারভেসেল ভিড়েছে। মেঘনা গ্রুপের মালিকানাধীন ‘এমভি মেঘনা হারমনি’ নামের জাহাজটিতে বুধবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে বন্দরের ইনার এ্যাংকোরেজে ভেড়ে।
৪৩ হাজার ৭০০ মেট্রিকটন ওপিসি ক্লিংকার ও ১০ হাজার ১০০ মেট্রিকটন লাইমস্টোন নিয়ে ১২ দশমিক ৯ মিটার গভীরতার জাহাজটি ভিয়েতনামের ইয়াং হাং বন্দর থেকে ছেড়ে এসে গত ৯ ডিসেম্বর ভোরে পায়রা বন্দরের ফেয়ারওয়েতে পৌঁছায়।
আউটার এ্যাংকোরেজে ১৬ হাজার টন কার্গো লাইটার করার পর ৩৭ হাজার ৮০০ টন নিয়ে জাহাজটি বুধবার মধ্য রাতে পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে পৌঁছানের পর বৃহস্পতিবার থেকে লাইটার জাহাজে করে মেঘনা গ্রুপের সোনারগাঁও নিজস্ব মেঘনা ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে।
মেঘনা গ্রুপের ইউনাটেট শিপিং লাইন্সের ম্যানেজার জামাল হোসেন জামিল বলেন, এই প্রথম আমার এ বন্দরে ক্লিংকার ও লাইমস্টোনবাহী জাহাজ নিয়ে এসেছি। পায়রা বন্দরের চেয়ারম্যান ও বন্দরের সকলের আন্তরিক সহযোগিতা কারণে এটি সক্ষম হয়েছি।
বৃহস্পতিবার দুপুর ১২টায় পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক বন্দরের জলযানযোগে বন্দরের ইনার এ্যাংকোরেজে জাহাজটি পরিদর্শন করেন।
তিনি সাংবাদিকদের বলেন, পায়রা বন্দর সরকারের বড় একটি প্রকল্প। বন্দরটি স্বাধীন বাংলাদেশে গ্রিন ফিল্ড পোর্ট হিসেবে স্থাপিত হয়েছে। বিশেষ করে বরিশাল অঞ্চলের উন্নয়নের জন্যই পায়রা বন্দরে যাত্রা। এর অপারেশনাল কার্যক্রম হয় ২০১৬ সালে। গত বছর ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শেষ হয়েছে। এখন চলছে মেইনটেইন্স ড্রেজিংয়ের কাজ। সে কারণেই মেঘনা গ্রুপের মতো বড় বড় কোম্পানি মালামাল আনায় এই বন্দর ব্যবহার করতে শুরু করছে। দেশের অন্য কোম্পানিগুলোও পণ্য আমদানি-রপ্তানিতে পায়রা বন্দরের সহযোগিতা পাবে বলে জানান তিনি।