বগুড়া অফিস
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৭:২৯ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৯ পিএম
বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর ককটেল হামলা। বুধবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলায়। প্রবা ফটো
বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। বাহিনীটি জানিয়েছে, হামলায় ৩ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে গাবতলীর সদরে অবরোধের পক্ষে মিছিল বের করে এই হামলা ঘটানো হয় বলে জানিয়েছেন গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
তিনি জানান, আহত পুলিশ সদস্যদের প্রথমে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, গাবতলী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস, সহকারী উপপরিদর্শক (এএসআই) এনামুল হক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়দেব কুমার সাহা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গাবতলী থানা থেকে কিছুটা দূরে অবস্থিত উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনের বাড়ির সামনে থেকে একটি মিছিল বের করা হয়। এ সময় অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য থানার কাছাকাছি তিনমাথা মোড়ে কেন্দ্রীয় মসজিদ চত্বরে পুলিশ মোতায়েন ছিল। বিএনপির মিছিলটি গাবতলী থানার সামনে হয়ে তিনমাথা মোড় পার হওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
উপজলো বিএনপির সদস্য এবং গাবতলী পৌরসভার মেয়র সাইফুল ইসলাম সাইফ দাবি করেছেন এই হামলা ঘটিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তিনি বলেন, ‘আমরা আগেও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর দায় চাপাচ্ছে।’
গাবতলী থানার ওসি আবুল কালাম আজাদ বলেন , ‘তিনমাথা মোড়ে আটজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। হামলায় আহত এএসআই এনামুল হকের অবস্থা গুরুতর। তার ডান পায়ের নিচের দিকে পুড়ে গেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’