জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৫ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩ ১৭:০৪ পিএম
জাকির হোসেন জেকে। ছবি : সংগৃহীত
জামালপুর মেলান্দহ উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে জাকির হোসেন নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।মঙ্গলবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন রান্ধুণীগাছা গ্রামের মসজিদের ইমাম মাওলানা সোহরাব আলী।
তিনি বলেন, ‘সেদিন আছরের নামাজের পরে মুসুল্লিরা বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন জাকির হোসেন মসজিদে প্রবেশ করে সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমার কিছু কথা আছে আপনারা শুনেন। তখন সে মসজিদের মাইক্রোফোন হাতে নিয়ে তার স্ত্রীর নাম ধরে দুইবার তালাক দেন। এরপর আমি তাকে ধাক্কা দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করি। কিন্তু তারপরও সে তার স্ত্রীকে তিনবার তালাক দেন বলে জানান তিনি।’
জাকির হোসেন জেকে উপজেলার চরবাণীপাকুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ওয়ার্ড আওয়ামী লীগের সহসম্পাদক।
গত ৫ ডিসেম্বর আছর নামাজের পরে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের রান্ধুণীগাছা গ্রামের এক মসজিদের মাইকে তালাকের ঘোষণা দেন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন। পরে তিনি এ বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ও টিকটকে জাকির হোসের জেকে নামক ফেসবুকে আইডিতে আপলোড করেন। পরে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে ভিডিওটি ডিলিট করেন দেন তিনি।
জাকির হোসেনের তালাকপ্রাপ্ত স্ত্রী শিখা বলেন, ‘বিষয়টি তিনি লোক মুখে শুনেছেন। গত ১০ বছর ধরে বিয়ে হলেও, নির্যাতনের শিকার হয়ে স্বামীর বাড়িতে টিকতে পারিনি একদিনও।’
জাকির হোসেন বলেন, ‘আপনি যেটা শুনেছেন এটাই সত্যি। আমার স্ত্রী ঝগড়াটে, অন্য সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, বাড়িতে না থাকার কারণে শরীয়ত মোতাবেক তাকে তালাক দেওয়া হয়েছে। দুই- একদিনের মধ্যে আদালতের মাধ্যমে তালাকের নোটিস পাঠানো হবে।’
চরবাণীপাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহাদত হোসেন বলেন, ‘এমন একটি ঘটনা লোক মুখে শুনেছি, যে জাকির নামে একজন তার স্ত্রীকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তালাক দিয়েছে।’