রাজশাহী অফিস
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩ ১৩:৩২ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩ ১৪:২৬ পিএম
রাজশাহী শহরে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয় ভবনের সেপটিক ট্যাংক মরদেহ উদ্ধার। প্রবা ফটো
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয় ভবনের সেপটিক ট্যাংক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে রাজশাহী শহরের ষষ্ঠীতলায় অবস্থিত থিম ওমর প্লাজা মার্কেটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্তাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
মৃত ব্যক্তির নাম নয়নাল উদ্দিন। তিনি কাটাখালী পৌরসভার শ্যামপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয়রা জানান, রাজশাহী শহরের ষষ্ঠীতলায় অবস্থিত থিম ওমর প্লাজা মার্কেট ভবন ও ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয় পাশাপাশি। দুটোর মালিক এমপি নিজেই। মার্কেট ভবনেরই একাংশে আবাসিক বাসায় থাকেন এমপি। রাজনৈতিক কার্যালয়ে সকাল থেকে শুরু নেতাকর্মীদের নিয়ে এমপির কার্যক্রম।
মার্কেটের নিরাপত্তাকর্মী পরিদর্শক জুবায়ের হোসেন বাপ্পি বলেন, ‘সকাল সাড়ে ৭টার পরে আমাদের একজন গার্ড থিম ওমর প্লাজার পেছনে যান। এ সময় সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুর্গন্ধ এবং একটি কাপড় দেখতে পেয়ে তার সন্দেহ হয়। তিনি ইনচার্জকে খবর দিলে সবাই মিলে গিয়ে সেখানে লাশ ডুবে থাকতে দেখেন।’
পরে খবর দিলে বোয়ালিয়া থানা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা এসে লাশের প্রাথমিক সুরতহাল শেষে তা ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নয়নাল উদ্দিনের ভাতিজা মো. রহিম জানান, তার চাচা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গত দুই-তিন দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।
বোয়ালিয়া থানার ওসি হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধারের পর তার পকেটে বেশকিছু কাগজপত্র পাওয়া গেছে। তার পরিবারকে জানানো হয়েছে।