পিরোজপুর প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩ ০০:৩৫ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩ ১০:৪৪ এএম
স্বেচ্ছাসেবক দলের নেতা মো. লালন ফকির। প্রবা ফটো
পিরোজপুরে নৌকার নির্বাচনী কার্যালয়ে হামলায় আহত স্বেচ্ছাসেবক দলের নেতা মো. লালন ফকির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শারিকতলা ডুমুরিতলার মো. হান্নান ফকিরের ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের শ্রমবিষয়ক সম্পাদক। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যুতে শহরে মিছিল করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একেএমএ আউয়ালের সমর্থকরা। এ ঘটনায় তারা মঙ্গলবার শহরে হরতাল ঘোষণা করেছেন।
থানা পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্র জানান, নিহত লালন ফকির ২০১৪ সালে বিএনপির হরতাল কর্মসূচির সময় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। এ ব্যাপারে ওসি মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, লালনের মৃত্যুর ঘটনায় এখনও কোনো অভিযোগ আসেনি। এলে মামলা নেওয়া হবে।