× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২২ ২১:৫৮ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২২ ১৩:২৬ পিএম

মারজানা হক বর্ষার বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর স্বজনদের আহাজারি। ছবি : প্রবা

মারজানা হক বর্ষার বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর স্বজনদের আহাজারি। ছবি : প্রবা

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার জামালখান এলাকায় নালা থেকে বস্তাবন্দি এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মারজানা হক বর্ষা। সে স্থানীয় কুসুমকুমারী স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, মারজানা হক বর্ষা চার দিন ধরে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ায়। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকাল ৪টার দিকে নিজেদের বাসার পাশের নালা থেকে সাত বছর বয়সি মারজানার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

মারজানার মরদেহ উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

মরদেহ উদ্ধার বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল কবির প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তথ্য পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে তারা মারজানার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। বস্তা খোলার পর দেখা যায় মারজানার শরীরে কোনো কাপড় নেই। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘মারজানার স্বজনরা মামলার প্রক্রিয়া নিচ্ছেন। কিন্তু তার আগেই একে হত্যাকাণ্ড ধরে তদন্ত শুরু করেছে পুলিশ।‘

সুরতহালের সময় ধর্ষণের আলামত পাওয়া গেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করতে চাই না।’

মারজানার পরিবার সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘মারজানার মা ঝর্ণা বেগম তিন বিয়ে করেছেন। প্রথম স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় স্বামীর সংসারে মারজানার জন্ম। পরে বিয়ে হয় আবদুল হকের সঙ্গে। মারজানা ঝর্ণার তৃতীয় সংসারে মায়ের সঙ্গে ছিল।’

মারজানার আত্মীয়দের তথ্যানুযায়ী, সোমবার (২৪ অক্টোবর) সাড়ে ৪টার দিকে বাসা থেকে চিপস কিনতে গলির মুখের দোকানে যায় মারজানা। পরে আর বাসায় ফেরেনি। এ ঘটনায় মারজানার বড়বোন ছালেহা আক্তার রুবী কোতোয়ালি থানায় একটি ডায়েরি করেন। এতে নিখোঁজের অভিযোগ করা হয়।

এ ডায়েরির সূত্র ধরে তদন্ত শুরু করেন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক সুজন দাশ। কিন্তু ওই এলাকায় সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেও মারজানার কোনো হদিস পায়নি পুলিশ। এ অবস্থায় বৃহস্পতিবার বিকালে ৯৯৯-এ ফোন করে বস্তাবন্দি একটি লাশ দেখতে পাওয়ার খবর দেন জনৈক বেলাল হোসেন। এ তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

প্রবা/টিএ/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা