রাজশাহী অফিস
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ১৯:১৪ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৫ পিএম
রাজশাহীতে কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা মনিরুল ইসলাম নামের এক বিএনপি নেতা মারা গেছেন। সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার নিজাম উদ্দিন।
মনিরুল ইসলাম গোদাগাড়ী উপজেলার কাকনহাট রেলস্টেশন এলাকার মৃত আবেদ আলীর ছেলে। তিনি কাকনহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহপ্রচার সম্পাদক। বিস্ফোরক আইনের মামলায় তিনি কারাবন্দি ছিলেন।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে কারাগারের বাথরুমে গোসল করতে গিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হন মনিরুল। কারা কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মনিরুলকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, ’কারা কর্তৃপক্ষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। রাত ৮টায় মরহুমের জানাজা গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড লালপুকুর কবরস্থানে হবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।