চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ১৩:২৪ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩ ১৩:৫৪ পিএম
কর্ণফুলী নদীতে সারবোঝাই লাইটার জাহাজডুবি। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে সার নিয়ে আসা একটি লাইটার জাহাজ কর্ণফুলী নদীতে ডুবে গেছে। এমভি মাকসুদা-২ নামের ওই লাইটার জাহাজটি রবিবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে নদীর কর্ণফুলী ঘাটের বিপরীতে ডুবে যায়।
লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জাহাজটি বহির্নোঙর থেকে সার নিয়ে কর্ণফুলী নদীতে আসে। রাতে সদরঘাটের দিকে যাওয়ার সময় তলা ফেটে জাহাজটি ডুবে যায়। জাহাজে ১২ জন নাবিক ছিল। তারা সবাই নদীতে লাফ দেয় এবং আশপাশের নৌকায় নাবিকরা নিরাপদে উদ্ধার হয়। কিন্তু জাহাজে পরিবহন করা সারের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন এসকট নিখোঁজ রয়েছেন। এখনও তার বিষয়ে কোনো খোঁজখবর পাওয়া যায়নি।’
এ সম্পর্কে জানতে চাইলে সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্যাহ বলেন, ‘জাহাজটিতে ৬০০ টন সার ছিল। জাহাজে থাকা উদ্ধার নাবিকরা জানিয়েছেন জোয়ারের সময় জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে অন্য জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে জাহাজটির তলা ফেটে যায়। পরে জাহাজটি দ্রুত ডুবে যায।’
নিখোঁজ নিরাপত্তা কর্মীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই নিরাপত্তাকর্মী জাহাজের কেউ না। উনাকে জাহাজে বহনকরা সারের নিরাপত্তার জন্য মালিকপক্ষ নিয়োগ দিয়েছিলেন। জাহাজটি ডুবে যাওয়ার সময় সবাই জাহাজ থেকে নদীতে লাফ দিয়েছেন। এখন তিনি সাঁতার দিয়ে কোনো নৌকায় উঠতে পেরেছেন কি না সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। জাহাজের অন্যদের সঙ্গে তার যোগাযোগ না থাকার কারণে এ বিষয়ে সঠিক কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে মাস্টার কর্ণফুলী থানায় একটি নিখোঁজ ডায়েরি করতে গিয়েছেন।’