কুড়িগ্রাম সংবাদদাতা
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২২ ২০:২৫ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২২ ২২:০০ পিএম
কুড়িগ্রাম সদর থানা। ছবি: সংগৃহীত
কুড়িগ্রামে আমের ডাল কাটা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় সত্তরোর্ধ্ব দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।
সদর উপজেলার কাঁঠালাবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে বুধবার রাতে তারা নিহত হন। রাতেই অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশ।
নিহতরা হলেন ওই উপজেলার রায়পুর গ্রামের আবুল কালাম আজাদ ও তার বড় বোন ছকিনা বেগম। হামলায় আবুল কালাম আজাদের ছেলেসহ দুইজন আহত হয়েছেন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার প্রতিদিনের বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থনীয়দের বরাতে ওসি বলেন, বাড়ির পাশের আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী আবুল কালাম আজাদের ছেলে আনিছুর রহমানের সঙ্গে কথা কাটাকাটি হয় প্রতিপক্ষ দুলাল মিয়ার। এর জেরে রাত ৯টার দিকে দুলাল মিয়া ও তার পরিবারের অন্যান্য সদস্যরা লাঠিসোটা নিয়ে আবুল কালাম আজাদের বাড়িতে হামলা চালান। হামলায় আবুল কালাম গুরুতর আহত হন। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলায় আবুল কালামের বোন ছকিনা বেগমও আহত হন। তবে তিনি বাড়িতেই প্রাথমিক চিকিৎসা নেন। ভাইয়ের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছালে বোন ছকিনা বেগম অসুস্থ হয়ে পড়েন। তাকেও হাসপাতালে নেওয়া হয়। পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় দুলাল মিয়ার ভাই নুর বকশ, নুর জামাল মিয়া, ইকবাল হোসেন, ইকবালের স্ত্রী আলেয়া বেগম, ছেলে আশরাফুল হক ও মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। দুলাল মিয়া ও তার ছেলে পলাতক আছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
প্রবা/রাই/টিকে